Wednesday, February 22, 2017

আ’লীগ নেতার ছেলেকে অপহরণ নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়

নগরীতে এক আওয়ামী লীগ নেতার ছেলেকে অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা চাঁদাবাজির ঘটনা ঘটেছে। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীর ছেলে বেগ সাদিক হোসেন বৃত্তকে (১৭) অপহরণ করা হয়েছে বলে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে প্রতারণার মাধ্যমে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে। সাদিকের পারিবারিক সূত্রে জানা গেছে, বেগ লিয়াকত আলীর ছেলে নগরীর বয়রা পাবলিক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বেগ সাদিক হোসেনের মোবাইল ফোনে সোমবার বেলা সাড়ে ১১টায় প্রথমে একটি খুদে বার্তায় এবং এরপর ফোন করে তাদের বাড়ির সামনে বাদামতলা পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে ডেকে নেয়া হয়। এ সময় তাকে ফোনে জানানো হয় যে, রবি মোবাইল কোম্পানি থেকে সে ১ লাখ ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে।
টাকাটা ফুলবাড়ী গেটের ডাচ-বাংলা ব্যাংক থেকে তাকে তুলে দেয়া হবে বলে একটি সাদা মাইক্রোবাসে তুলে ওই ব্যাংকের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে বুথের সামনে দাঁড় করিয়ে সাদিকের মায়ের মোবাইল ফোনে ০১৮২৩১১৯৫৯২ ও ০১৮৭৩১১১২১৯ নাম্বার দুটিতে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং দ্রুত সময়ে টাকা না পাঠালে ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। সাদিকের মা ছেলের জীবন সংশয়ের ভয়ে কাউকে কিছু না জানিয়ে তাদের দেয়া ০১৭৯৩২৩৭৯৮৫, ০১৭৬৮২৭০১২০, ০১৭৭৭৮৫৩১৫৪ ও ০১৯১১১১৩৮১৭ নাম্বার চারটিতে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর চক্রটি তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সাদিক একটি রিকশাযোগে মীরেরডাঙ্গা পেট্রোলিয়াম সার্ভিসের সামনে গেলে তার পরিবারের লোকজন তাকে বাসায় নিয়ে যায়। এ ব্যাপারে খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (যার নং-৬৯৯, তাং ২০/২/১৭)। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম মঙ্গলবার জানান, একটি প্রতারক চক্র সাদিককে অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার মাধ্যমে তার পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। তিনি আরও জানান, যে নম্বরগুলোতে টাকা পাঠানো হয়েছে সেগুলো ফরিদপুরের ভাঙ্গা এলাকার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রতারক চক্রকে অচিরেই গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment