Thursday, February 9, 2017

তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর বিদ্রোহে বিশৃংখলা

হঠাৎই টানাপোড়েন শুরু হয়েছে তামিলনাড়ুর অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী পন্নিরসেলভাম ও ভাবী মুখ্যমন্ত্রী ভিকে শশীকলার মধ্যে। মঙ্গলবার রাতে মেরিনা বিচে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার সমাধিতে প্রায় ৪০ মিনিট ধ্যান শেষে বেরিয়ে এসে পন্নিরসেলভাম বলেন, আম্মার আত্মার নির্দেশেই তিনি তামিলনাড়ুর জনগণকে সত্য জানাবেন। তবে সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন বুধবার। জয়ললিতার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করলেন পন্নিরসেলভাম।
প্রকৃত রহস্য উন্মোচনে তার সরকার তদন্ত কমিটি গঠন করবে বলেও জানিয়েছেন তিনি। খবর বিবিসি ও এনডিটিভির। জয়ললিতার মৃত্যুর প্রায় ২ মাস পর রোববার এআইএডিএমকে পার্টি ঘোষণা করে, শশীকলা হবে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। ওইদিনই পদত্যাগ করেন পন্নিরসেলভাম। জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন তিনি। সেই পন্নিরসেলভাম এখন বলছেন তাকে জোর করে পদ থেকে সরানো হয়েছে। তিনি বলেন, দলের কর্মীরা সঙ্গে থাকলে তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করে নেবেন। এছাড়া জয়ললিতার সমাধিতে ধ্যান শেষে তিনি দাবি করেন, আম্মা আমাকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে চেয়েছিলেন। বুধবার আরও এক ধাপ এগিয়ে জানালেন, আস্থাভোটের মাধ্যমেই তিনি নিজেকে রাজ্যের প্রকৃত প্রধান হিসেবে প্রমাণ করবেন। পাশাপাশি, তিনি জয়ললিতার মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে সুপ্রিমকোর্টে যাবেন বলেও হুশিয়ারি দিয়েছেন। শশীকলার দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ‘হাসপাতালে কেন কাউকে একদিনও জয়ললিতার কাছে ঘেঁষতে দেয়া হয়নি?’ যদিও পন্নিরসেলভামের হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠার পেছনে ডিএমকে দলের হাত রয়েছে বলে অভিযোগ শশীকলার। পন্নিরসেলভামের এসব মন্তব্য ও জয়ললিতার সঙ্গে জড়িতে দুর্নীতির অভিযোগে অনিশ্চিত হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী পদে শশীকলার শপথ। মঙ্গলবার তার শপথ নেয়ার কথা ছিল। বুধবার নিজের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করে পন্নিরসেলভাম জানান, ‘আম্মার মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করব।
সেই কমিটি হাইকোর্টে তদন্ত প্রতিবেদন পেশ করবে। প্রতিবেদনটি জনসমক্ষেও তুলে ধরা হবে।’ তার মতে, ‘বিধানসভায় আমার ক্ষমতা দেখা যাবে। দলের সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য যথাযথ নির্বাচন প্রয়োজন। বর্তমানে আমাদের সাময়িক এক সাধারণ সম্পাদক রয়েছেন, যাকে বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় আনা হয়েছিল।’ এদিকে, বুধবার সকালে পোয়েস গার্ডেনে দলীয় বিধায়কদের ডেকে পাঠান শশীকলা। দলের ১৩৪ জন বিধায়কের মধ্যে পন্নিরসেলভাম ছাড়া অধিকাংশই সেখানে হাজির ছিলেন। প্রায় এক ঘণ্টা তাদের সঙ্গে তিনি কথা বলেছেন বলে সূত্রের খবর। সেখানে শশী জানান, ‘আম্মা’ জয়ললিতার পথেই তিনি কাজ করতে চান। পাশাপাশি, বিদ্রোহীদের দলে সহ্য করা হবে না বলেও জানিয়ে দেন তিনি। পরে দাবি করেন, দলীয় স্তরে কোথাও কোনো সমস্যা নেই। দল চাইছে এ সপ্তাহেই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিক। শশীকলা বলেন, ‘দলে সব বিধায়কই একটা পরিবারের মতো। সুতরাং সেখানে কোনো সমস্যা নেই।’

No comments:

Post a Comment