Sunday, February 19, 2017

‘বাবা আমাকে তোলো’

বাবার হাত ধরে একটু আগেই খুশি মনে বাজার থেকে ফিরেছিল ৯ বছরের শিশু আবদেল বাসেত আল-সাতুফ। সন্ধ্যার পর খাবার খেতে বসেছিল শিশুটি। মা রান্নাঘরে ব্যস্ত। বাবা বাইরে। হঠাৎ আকাশে বিমানের শব্দ। পরিবারকে সতর্ক করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে দৌড়াতে শুরু করলেন বাবা আবদেল রহমান। কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেন না। আকাশ থেকে পড়া বোমার ভয়ংকর শব্দে যখন সম্বিত ফিরল, ততক্ষণে উড়ে গেল শিশু বাসেতের শৈশবের ‘কচি পা’! দাঁড়িয়ে ওঠার চেষ্টা করল একটু। ব্যর্থ হয়ে হতবাক শিশুটি অসহ্য ব্যথায় কাতরে হাত বাড়িয়ে চিৎকার করল- ‘বাবা আমাকে তোলো’!
ঘটনাটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর ইদলিবের। বৃৃহস্পতিবার ব্যারেল বোমায় বাঁ পা উড়ে যাওয়া শিশু বাসেতকে আল-হাবেত শহরের একটি হাসপাতালে ভর্তি করান তার হতভাগ্য বাবা। শনিবার শিশু বাসেতের যন্ত্রণার করুণ এ দৃশ্য ধারণ করেছে এএফপি। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ব্যথায় কাঁদতে কাঁদতে শিশু বাসেত জানায়, আকাশে যখন বিমানের শব্দ শোনা যাচ্ছিল, তখন বাবা চিৎকার করে মাটির নিচে ঘরে যেতে বলছিলেন। কিন্তু যাওয়ার আগেই বোমার আঘাত। এরপর বাবা তাকে কোলে করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় শিশু বাসেতের মা, তার আরেক বোন ও দুলাভাই নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছে আরও এক বোন।

No comments:

Post a Comment