তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু বলেছেন, সাগর-রুনির নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের
বিচারে সোপর্দ না করতে পারাটা ব্যর্থতা। তবে তিনি আশাবাদী প্রকৃত
হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচার হবে। শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া
সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির
বিরোধিতা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন,
কমিশন গঠনের একদিনের মাথায়
কার্যকলাপের কোনো নমুনা না দেখেই বিএনপির নির্বাচন কমিশন প্রত্যাখানের
বক্তব্যটি দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের জন্য হতাশজনক। তিনি বলেন, নির্বাচন
কমিশন প্রত্যাখ্যান করে বিএনপি গণতন্ত্র ও নির্বাচনকে তালাক দেয়ার পুরনো
চক্রান্তের রাজনীতি আবারও শুরু করছে। যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে
নির্বাচন কমিশনের প্রধান না করা হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না।
ইনু বলেন, নির্বাচন কমিশন প্রত্যাখ্যান চক্রান্তের প্রস্তাব, উসিলা মাত্র।
কার্যত বাংলাদেশকে নির্বাচন ও গণতন্ত্রের বাইরে ঠেলে দেয়ার একটি অপচেষ্টা।
বিএনপি সংবিধান, আইন-আদালত, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ মানে না। সেকারণে দলটি
গণতন্ত্রে থাকার অনুপুযুক্ত হয়ে পড়ছে। এসময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক
সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনসহ জেলা জাসদের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর তথ্যমন্ত্রী মিরপুরে মুক্তিযোদ্ধা যাচাই
বাচাই কার্যক্রমে যোগ দেন।

No comments:
Post a Comment