নাটোরের
বড়াইগ্রামে মঙ্গলবার দুপুরে প্রকাশ্য দিবালোকে রুবেল হোসেন (২৬) নামে এক
যুবককে গুলি করে তার মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে
স্থানীয় লোকজন এগিয়ে আসায় পালিয়ে যায় তারা। আহত রুবেল হোসেন উপজেলার উপলশহর
গ্রামের শুকুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার
দিকে রুবেল ও তার শ্যালক শহীদ রসুনের জমি দেখে ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল
মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় দুটি মোটরসাইকেলে পাঁচজন লোক তাদের
গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে রুবেলের লাল রঙের এপাচি
ব্যান্ডের দেড়শ সিসি মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু এতে
বাধা দিলে দুর্বৃত্তরা রুবেলের বাম পায়ে দুটি ও ডান পায়ে হাঁটুর উপরে একটি
গুলি করে।
এছাড়া ধারালো অস্ত্র দিয়ে মাথায় গুরুতর জখম করে। পরে রসুনের
জমিতে কাজে ব্যস্ত কৃষকেরা বুঝতে পেরে এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে
যায়। স্থানীয়রা আহত রুবেলকে মোটরসাইকেলসহ উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম
হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বড়াইগ্রাম
থানার এসআই পার্থ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত
সাপেক্ষে দোষীদের আটকের চেষ্টা করা হবে। প্রসঙ্গত, প্রায় মাসখানেক আগে
আহম্মেদপুর ব্রীজ এলাকায় দিনের বেলায় একইভাবে গুলি করে অপর একজনের
মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

No comments:
Post a Comment