বগুড়ার
কাহালুতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির পাবনা, কুষ্টিয়া,
নাটোর ও সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক আবু মুসা ওরফে আবুজার ওরফে আবু
তালহা ওরফে রবিন ওরফে সামিউল (৩২) নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার
পাতাঞ্জ গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত মুসা
গুলশান হামলা মামলায় গ্রেফতার নব্য জেএমবির অন্যতম প্রধান নেতা রাজীব
গান্ধীর ঘনিষ্ট সহযোগী। তার বাড়ি পাবনার সদর উপজেলায়। তবে তার বাবা ও
গ্রামের নাম জানাতে পারেনি তারা। কাহালু থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী
জানান, সোমবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার পাতাঞ্জ গ্রামে সড়কের পাশে একদল
সন্ত্রাসী কোনো অপরাধের প্রস্তুতি নিচ্ছিল। তারা টহল পুলিশের ভ্যান দেখে
গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে।এতে অন্যান্য হামলাকারীরা পালিয়ে
গেলেও সেখানে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পাওয়া যায়। তাকে
উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ঘটনাস্থলে একটি বিদেশী
পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিনটি ধারালো অস্ত্র পাওয়া গেছে।
পুলিশ ভ্যানে দুটি গুলির চিহ্ন রয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া পুলিশের সদর
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ছবি দেখে
নিশ্চিত হওয়া গেছে যে, নিহত ব্যক্তি নব্য জেএমবির উত্তরাঞ্চলের চার জেলার
প্রধান সমন্বয়ক এবং গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলায় গ্রেফতার
রাজীব গান্ধীর ঘনিষ্ট সহযোগী আবু মুসা ওরফে আবুজার ওরফে আবু তালহা ওরফে
রবিন ওরফে সামিউল। তিনি গত বছরের ২০ মে কুষ্টিয়া সদরের মজুমপুর এলাকায়
হোমিওপ্যাথি ডাক্তার ছানাউল্যাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যায় সরাসরি জড়িত।
এছাড়া একই বছরের ৫ জুন তিনি নাটোরের বনপাড়া বাজারে নিজে উপস্থিত থেকে অন্য
সহযোগীরা মিলে মুদি দোকানী সুনীল গোমেজকে (৬৮) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা
করে। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, সিরাজগঞ্জ জেলায় জঙ্গি সংগ্রহ,
আত্মঘাতী হামলার প্রশিক্ষণ, জিহাদী বই বিতরণ, চাঁদা সংগ্রহ এবং হিজরতের
জন্য সঙ্গীদের প্রস্তুত করাসহ বিভিন্ন জঙ্গি তৎপরতায় প্রশিক্ষণ প্রদানের
কাজে লিপ্ত জঙ্গি সদস্যরা গ্রেফতার হলে তারা আদালতে যে জবানবন্দি দেয় তাতে
নিহত আবু মুসার নাম আসে। গত বছরের ৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জে কাজিপুর থানায়
সন্ত্রাস বিরোধী মামলায় (নং-০১) আটক তিন জঙ্গি আদালতে জবানবন্দিতে তার
(মুসা) নাম প্রকাশ করে। পুলিশের বিভিন্ন ইউনিট তাকে গ্রেফতারে ব্যাপক তৎপর
হলেও সে এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।

No comments:
Post a Comment