আগামীকাল
বুধবার শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৭’। নগরীর
র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউয়ের মেজবান বল রুমে চার দিনব্যাপী এ মেলার
উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ
অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ
ছালাম, সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে দশমবারের মতো আয়োজিত এ মেলায়
৭২টি প্রতিষ্ঠানের ৯০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা
পর্যন্ত মেলা চলবে। এ উপলক্ষে সোমবার দুপুরে নগরীর চট্টগ্রাম ক্লাবের হল
রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন রিহ্যাব ভাইস
প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
উপস্থিত ছিলেন রিহ্যাবের ডিরেক্টর ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান
শাকিল কামাল চৌধুরী, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির
কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, ইঞ্জিনিয়ার মো. দিদারুল চৌধুরী, প্রেস
অ্যান্ড মিডিয়া চট্টগ্রাম রিজিয়নের আহ্বায়ক এএসএম আবদুল গাফফার মিয়াজী।
লিখিত বক্তব্যে আবদুল কৈয়ূম বলেন, আবাসন শিল্প গত তিন থেকে চার বছরের
স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। মূলত সিঙ্গেল ডিজিট সুদে ব্যাংক
লোন, এফডিআরের সুদের হার হ্রাস এবং বহু প্রতীক্ষিত প্রবাসীদের জন্য ব্যাংক
লোন প্রদানের সরকারি সিদ্ধান্তের কারণে এ খাতে সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
মানুষ পুনরায় আবাসন খাতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। সরকার প্রথম শ্রেণীর
কর্মকর্তাদের জন্য ৫ শতাংশ সুদে ব্যাংক ঋণ দেয়ায় আবাসন খাত আরও গতিশীল হয়ে
উঠবে। পাশাপাশি আবাসন খাতের সঙ্গে সম্পর্কিত প্রায় ২ শতাধিক লিংকেজ শিল্পও
বিকাশ লাভ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির
পক্ষে ২০ জন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু-কিশোরকে দৈনন্দিন ব্যবহারের
সরঞ্জাম এবং চট্টগ্রাম রিজিয়নের আবাসন শিল্পের পথিকৃত সানমার প্রপার্টিজ
লিমিটেড ও ইক্যুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট (প্রা.) লিমিটেডকে স্বর্ণপদক ও
স্মারক ?উপহার প্রদান করা হবে।

No comments:
Post a Comment