Wednesday, February 22, 2017

অস্ট্রিয়ায় হঠাৎ ট্রাম্প পরচুলার কদর

ইউরোপের দেশ অস্ট্রিয়ায় এখন চলছে কার্নিভাল বা উৎসবের মৌসুম। মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এ উৎসব। উৎসবে অংশ নিতে বিভিন্ন ধরনের সাজ-পোশাক কিনছে দেশবাসী। তবে সাজ-পোশাকের মধ্যে ট্রাম্প পরচুলার ব্যাপক চাহিদা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইল নকল করে এত লোক ট্রাম্প সাজতে চায় যে, পোশাকের দোকানগুলোয় ট্রাম্প পরচুলার ব্যাপক সংকট দেখা দিয়েছে। দোকানগুলো তাই নতুন করে আরও পরচুলা তৈরিতে ব্যস্ত হয়েছে পড়েছে। খবর এপির।
এমন একজন দোকান মালিক ম্যানুয়েলা প্ল্যাঙ্ক এটাকে ব্যবসায়িক সুযোগ হিসেবে দেখছেন। রাজধানী ভিয়েনার ফ্যাফেস্টাটেন শহরে তার দোকানে প্রাচীন গ্রিসের পোশাকসহ ৭ হাজার পোশাক রয়েছে। তবে তার দোকানে ট্রাম্পের পরচুলা বেশিরভাগ মানুষকে আকর্ষণ করছে। উৎসবের শুরুতে তিনি ভেবেছিলেন, ক্রেতাদের চাহিদা পূরণে ১০টি পরচুলাই যথেষ্ট হবে। কিন্তু ওই ১০টি খুব দ্রুতই শেষ হয়ে যায়। ওই এলাকার মাত্র ৩ হাজার ৫০০ লোকের বিপরীতে তার দোকানে এখন ২৫টি পরচুলার সংগ্রহ রয়েছে। আরও পরচুলা তৈরি করছেন তিনি। এপিকে প্ল্যাঙ্ক বলেন, আমার মনে হয় এর কারণ, বহু লোক তার সম্পর্কে কথা বলছে। আর সবাই তাকে চেনে। আর চুলের স্টাইলটাও বেশ আলাদা। প্ল্যাঙ্ক বলেন, বহু অস্ট্রীয় কার্নিভালে যায়। আর ট্রাম্পের মতো সাজ পোশাক তাদের জন্য অতিরিক্ত আবেদন তৈরি করে।

No comments:

Post a Comment