আফগানিস্তানে
জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। সিন্ধু প্রদেশে এক সুফি সাধকের
মাজারে বোমা হামলার জন্য জঙ্গিরা ঘাঁটি হিসেবে আফগানিস্তানের ভূখণ্ড
ব্যবহার করেছে বলে দাবি করে পাকিস্তান। এ দাবির কয়েক ঘণ্টার মাথায়
আফগানিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান হামলা শুরু করে। টাইমস অব
ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামরিক সূত্রগুলো বলছে,
শুক্রবার রাতে আফগানিস্তানে জঙ্গি ঘাঁটিতে পাকিস্তান সেনাবাহিনীর হামলা
শুরু হয়। হামলার বিষয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য
পাওয়া যায়নি। গণমাধ্যমে প্রকাশিত তথ্য সত্য হলে তা হবে আফগান ভূখণ্ডে
পাকিস্তান সেনাবাহিনীর এ ধরনের প্রথম অভিযান। এ ঘটনা ইসলামাবাদের সঙ্গে
কাবুলের সম্পর্ক নতুন করে তিক্ত করে তুলতে পারে। গণমাধ্যমের খবরে বলা হয়,
জামাত-উল-আহরার জঙ্গিগোষ্ঠীর চারটি শিবির লক্ষ্য করে হামলা চালানো হয়। এক
কর্মকর্তার ভাষ্য, জামাত-উল-আহরার গোষ্ঠীর প্রধান ওমর খালিদ খোরাসানির
একাধিক প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী হামলা চালায়। হামলায়
ভারি অস্ত্র ব্যবহার করা হয়। আফগান ভূখণ্ডে পাকিস্তানের চালানো এ হামলায়
জঙ্গিদের হতাহত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে
বৃহস্পতিবার রাতে ত্রয়োদশ শতকের সুফি সাধক লাল শাহবাজ কালান্দারের মাজারে
আত্মঘাতী বোমা হামলা হয়। এতে শিশুসহ অন্তত ৮৮ জন নিহত হয়। হামলায় দায়
স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ হামলার পর পাকিস্তানের
নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। এ অভিযানে শতাধিক ‘জঙ্গি’ নিহত
হয়েছে।
অবৈধভাবে পাকিস্তানে ঢুকলেই গুলি : আফগানিস্তান থেকে অবৈধভাবে কেউ
পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করলে দেখামাত্র গুলি করার আদেশ জারি করেছে
ইসলামাবাদ। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সীমান্ত
ক্রসিং বন্ধ করে দেয়ার দ্বিতীয় দিন রোববার এ নির্দেশ জারি করা হয়েছে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাজারে বোমা হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের চমন শহরের কাছে অবস্থিত
দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেয় ইসলামাবাদ।
পাকিস্তান ওই হামলার জন্য ‘আফগানিস্তান থেকে আসা জঙ্গিদের’ দায়ী করছে। ডন
পত্রিকার খবরে বলা হয়, সীমান্ত বন্ধ হওয়ার কারণে পাকিস্তান ও আফগানিস্তানের
মধ্যে যোগাযোগ ও পরিবহন বাণিজ্যেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে। রোববার
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, সীমান্তের যে কোনো এলাকা থেকে
অবৈধভাবে কেউ প্রবেশের চেষ্টা করলে দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়া
হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, পাক-আফগান সীমান্তে বন্ধুত্বপূর্ণ
গেটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে দু’দেশের সীমান্ত
অতিক্রম করে কোনো ধরনের যান চলাচল করবে না। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে
রোববার সকাল পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় ২০৫ সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে
নিরাপত্তা বাহিনী। আটককৃতদের বেশিরভাগই আফগান নাগরিক।

No comments:
Post a Comment