মালয়েশিয়ায়
কঠোর ইসলামী আইনের অংশ হিসেবে ইসলামিক আদালত প্রতিষ্ঠার দাবিতে শনিবার
রাজধানী কুয়ালালামপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। অপরাধীদের কঠোর সাজা
দিতে এ আদালত গঠনের দাবি জানিয়েছেন মালয়েশিয়ার হাজার হাজার নাগরিক। এ
আদালতের মাধ্যমে ইসলামিক দণ্ডবিধি ব্যবস্থা আরও কঠোর হবে বলে দাবি করা
হচ্ছে। সংশোধিত অ্যাক্ট-৩৫৫-এ ইসলামিক আদালত গঠনের অনুমোদন দেয়া নিয়ে আগামী
মাসে পার্লামেন্টে আলোচনা হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার। শনিবার সকালে
বেগুনি রঙের টি-শার্ট পরে কুয়ালালামপুরের রাজপথে হাজির হন বিক্ষোভকারীরা।
অনেকেই তাদের সন্তানদের নিয়েও ওই র্যালিতে অংশ নেন। সমাবেশে প্রায় ৫০
হাজার মানুষ উপস্থিত ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে ওই
বিক্ষোভে প্রায় ২ লাখ মানুষের উপস্থিতি দাবি করেছে প্যান-মালয়েশিয়ান
ইসলামিক পার্টি (পিএএস)। পিএএস কঠোর ইসলামী আইনের বিধান রেখে সংশোধিত
অ্যাক্টটি বাস্তবায়নে উদ্যোগ নেয়। পিএএস জানায়, ইসলামী দণ্ডবিধির এ
পরিবর্তনে ইসলামিক আদালতের মর্যাদা বাড়বে এবং অপরাধমূলক কাজের পরিমাণ কমে
আসবে। তবে সমালোচকরা ওই সংশোধিত আইনকে অন্যায্য, অসামঞ্জস্য ও অসাংবিধানিক
বলে দাবি করছে। সংশোধিত ওই আইনের আওতায় ধর্মীয় বিধান ও মুসলিম পারিবারিক
আইনও অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আইনে অপরাধীর সর্বোচ্চ ৩০ বছরের
কারাদণ্ড, ১০০টি বেত্রাঘাত এবং ২২ হাজার ডলার জরিমানা করা হবে। বর্তমানে
অপরাধীর সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, ৬টি বেত্রাঘাত এবং ১ হাজার ১০০ ডলার
জরিমানার বিধান রয়েছে।

No comments:
Post a Comment