সাংবাদিক
আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর
মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই হাবিবুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ফের
রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১২টায়
সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ নজরুল ইসলাম শুনানি শেষে
তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, হালিমুল ও হাবিবুলকে
আবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত তাদের দুই দিনের
রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি হালিমুল ও হাবিবুলকে
জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছিল পুলিশ।
গত ৫ ফেব্রুয়ারি মিরুকে ঢাকার
শ্যামলী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। নিরাপত্তাজনিত কারণে
শাহজাদপুরের পরিবর্তে সিরাজগঞ্জের অতিরিক্ত সিনিয়র চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট মোরশেদ আলমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।
বিচারক শাহজাদপুরের আমলি আদালতে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করে
তাকে জেলহাজতে পাঠায়। ২ ফেব্রুয়ারি পিন্টু কালিবাড়ী মোড় থেকে ছাত্রলীগ নেতা
বিজয় মাহমুদকে তুলে নিয়ে হাত-পা ভেঙে ভ্যানে বাড়ি পাঠিয়ে দেয়। প্রতিবাদে
বিজয়ের সমর্থকরা মিছিল নিয়ে মিরুর বাড়িতে হামলা করে। এ সময় মেয়র ও তার ভাই
মিন্টুর নেতৃত্বে সশস্ত্র বাহিনী মিছিলকারীদের ওপর গুলি চালায়। ছবি তুলতে
গেলে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। পরদিন ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

No comments:
Post a Comment