Tuesday, February 21, 2017

সেনবাগে শহীদ মিনারে জাপার একপক্ষের ওপর অন্যপক্ষের হামলা

২১শের প্রথম প্রহরে নোয়াখালীর সেনবাগে ভাষা শহীদের শ্রদ্ধা জানানোর সময় সেনবাগ উপজেলা জাতীয় পার্টির তালেবুজ্জামান গ্রুপের হামলায় বর্তমান উপজেলা, পৌরসভা জাতীয় পার্টি ও জনসংহতির ৫ নেতা আহত হয়েছে। এসময় ভাষা শহীদের শ্রদ্ধা জানানোর জন্য তৈয়ার করা পুষ্পমাল্যও ফেলে দেওয়া হয়। আহতরা হলেন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি ফয়জুল ইসলাম সবুজ, সেনবাগ পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক মো: হারুন জনসংহতির যুগ্ম সম্পাদক মো: ফখর উদ্দিনসহ অন্তত ৫জন। আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে সেনবাগ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য জড়ো হয় জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনেতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
রাত সোয়া ১২টার দিকে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিবর (সেক্রেটারী) ফয়জুল ইসলাম সবুজ, পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক হারুনের নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতাকর্মী পুস্পমাল্য দেওয়ার জন্য শহীদ মিনারে ওঠে। এসময় সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি তালেবুজ্জামান অতর্কিতে নেতাকর্মীদের নিয়ে সবুজ, হারুন, ফখরউদ্দিনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাদের আহত করে এবং পুষ্পমাল্য ফেলে দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

No comments:

Post a Comment