গাজীপুরের
শ্রীপুরে ছাত্রীদের ছবি তোলার অপরাধে বুধবার সন্ধ্যায় চার যুবককে ২১ হাজার
টাকা জরিমানা এবং অনাদায়ে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- শ্রীপুর উপজেলার শ্রীপুর
গ্রামের টিপু সুলতানের পুত্র ফাহিম (১৬), হারিছ উদ্দিনের পুত্র বিপাস (১৬),
আলমগীর হোসেনের পুত্র দিপ্ত (১৭) এবং সাত খামাইর গ্রামের আব্দুল আউয়ালের
পুত্র রাহাত (১৮)। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান
জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় এন্ড
কলেজ সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে কয়েজন যুবক বুধবার দুপুরে স্কুলের টয়লেটে
আসা যাওয়ার সময়ে ছাত্রীদের ছবি তুলছিল।
এ সময় শ্রীপুর থানার উপ-পরিদর্শক
(এসআই) সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশ চার যুবককে আটক করে
এবং তাদের কাছ থেকে উচ্চক্ষমতা সম্পন্ন একটি ক্যামেরা জব্ধ করে। বুধবার
সন্ধ্যায় তাদেরকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়ালের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে
আটকরা ছবি তোলার কথা স্বীকার করে। পরে আদালত বিপাসকে ১০ হাজার টাকা, রাহাত
ও ফাহিম প্রত্যেককে ৫ হাজার টাকা করে, দীপ্তকে এক হাজার টাকা জরিমানা এবং
জরিমানার টাকা অনাদায়ে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড
প্রদান করেন। এসময় আদালত জব্ধকৃত ক্যামেরাটি বাজেয়াপ্ত করেন। পরে
দণ্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে যায়।
দণ্ডপ্রাপ্তরা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী।

No comments:
Post a Comment