Saturday, February 11, 2017

নিউজিল্যান্ডের উপকূলে সারি সারি মৃত তিমি

নিউজিল্যান্ডের সাগরকূলে সারি সারি পড়ে আছে অন্তত ৪০০ তিমি। এর মধ্যে ধুঁকে ধুঁকে মারা গেছে প্রায় ৩০০টি। মৃত্যুর প্রহর গুনছে আরও ১০০টি। সেগুলোকে বাঁচাতে নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট প্রাণী সংরক্ষণ বিভাগ মরিয়া হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে ওই তিমিগুলো ফেয়ারওয়েল স্পি­ট নামে নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপের সমুদ্রতটে ভেসে আসে।
শুক্রবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দা ও প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীরা বেঁচে থাকা তিমিগুলো উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিবিসির খবরে বলা হয়, কীভাবে এত তিমি একসঙ্গে ভেসে এসেছে বা তাদের মৃত্যুর কারণ বের করতে পারেননি বিজ্ঞানীরা। তবে তিমি বয়স্ক, দুর্বল বা অসুস্থ হয়ে পড়লে এমন ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন তারা। এ ছাড়া পথ হারিয়ে ফেললেও এমন ঘটনা ঘটে থাকে। বৃহস্পতিবার রাতেই তিমিগুলোর বিষয়ে জানতে পেরেছিলেন উদ্ধারকারীরা। কিন্তু রাতে উদ্ধারকাজ চালানো বিপজ্জনক হওয়ায় শুক্রবার সকালেই মাঠে নামেন কর্মীরা। অ্যান্ড্র– ল্যামাসন নামে প্রাণী সংরক্ষণ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, নিউজিল্যান্ডের উপকূলে একসঙ্গে এত তিমি আগে কখনও আটকা পড়েনি।

No comments:

Post a Comment