ফাঁদ
পেতে ঘুষসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উপ-কর কর্মকর্তা আলী
আকবরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চান্দগাঁও এলাকার এক
গ্রাহকের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স ও নাম পরিবর্তনের জন্য ২০ হাজার টাকা
ঘুষ নেয়ার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে
ওই কর্মকর্তাকে আটক করার পর চান্দগাঁও থানায় মামলা দায়ের করে বিকালে তাকে
আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতার আলী আকবর পটিয়া থানাধীন
গৈরলার এলাকার বাদশা মিয়ার ছেলে। মামলার বাদী ও দুদক সমন্বিত জেলা কার্যালয়
চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এইচএম আখতারুজ্জামান যুগান্তরকে বলেন,
চান্দগাঁও রূপালী আবাসিক এলাকার জামাল উদ্দিন নামের এক গ্রাহক দুদকে অভিযোগ
করেছেন,
চসিকের রাজস্ব সার্কেল-২ চান্দগাঁও অফিসের উপ-কর কর্মকর্তা আলী
আকবর হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও নাম পরিবর্তনের জন্য ৪০ হাজার টাকা ঘুষ
দাবি করেছেন। অভিযোগ পেয়ে দুদকের একটি টিম আলী আকবরকে হাতেনাতে ধরার জন্য
চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় ফাঁদ পাতে। ফাঁদের প্ল্যান অনুযায়ী
মঙ্গলবার দুপুরে জামাল উদ্দিন তার কাছে দাবি করা ৪০ হাজার টাকার অর্ধেক
অর্থাৎ ২০ হাজার টাকা আলী আকবরকে দিতে যান চান্দগাঁও রাজস্ব সার্কেল অফিসে।
টাকা হাতে তুলে দিতেই হাতেনাতে ধরে ফেলে দুদকের টিম। এ সময় সহযোগিতা করে
চান্দগাঁও থানা পুলিশের একটি দল। এরপর আলী আকবরকে চান্দগাঁও থানায় নিয়ে তার
বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ
করা হয়েছে। চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান
জানান, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নির্বাচিত হওয়ার পর থেকে চসিকের
কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।
এক্ষেত্রে আলী আকবর যদি দোষী প্রমাণিত হয়, তবে অবশ্যই শাস্তি পেতে হবে। এসব
অপকর্মের দায় চসিক নেবে না।

No comments:
Post a Comment