Saturday, February 4, 2017

সাংবাদিক শিমুল হত্যাকারীদের শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ শাহাজাদপুরে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের সময় দৈনিক সমকালের সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ শনিবার সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক শিমুল হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। নইলে রাজপথে নামতে বাধ্য হবে সাংবাদিকরা।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুস শাহেদ মন্টু, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সেক্রেটারী লিয়াকত আলী বাদল, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, প্রথম দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক তৈহিদুল ইসলাম বাবলা, দৈনিক সমকাল রংপুর প্রতিনিধি ইকবাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক প্রমুখ। মানববন্ধনে রংপুরে কর্মরত প্রেস, ইলেক্ট্রনিক্স, অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। এদিকে মানববন্ধনে স্থানীয় একটি সংগঠন ‘পরিবর্তন চাই’-এর ছবি ও খবর বয়কট করার সিদ্ধান্ত জানানো হয়। প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে ‘পরিবর্তন চাই’-এর নেতারা নিহত সাংবাদিকের নামে ও রংপুরের সাংবাদিকদের নামে তিরস্কার, তাচ্ছিল্য করেছিল। এর প্রতিবাদেই এ বয়কটের সিদ্ধান্ত।

No comments:

Post a Comment