Saturday, February 4, 2017

হাতিয়ায় ৩০টি স্কুল প্রাঙ্গণে একযোগে মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় ৩০টি হাইস্কুলের স্ব স্ব প্রাঙ্গণে বাংলাদেশ শিক্ষক সমিতি হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষকের উপর হামলা ও ছাত্রী নির্যাতনকারীদের বিচারের দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় স্থানীয় এ এম উচ্চ বিদ্যালয়ের শত শত ছাত্র এবং শিক্ষক বিদ্যালয়ের প্রধান সড়কে মানববন্ধন রচনা করে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাছান। মানববন্ধনে তিনি বলেন, ৩০ ডিসেম্বর ২০১৬ শনিবার সকাল ১০ ঘটিকায় স্কুলের গেট থেকে এএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নুরজাহান আকতার স্মৃতিকে অপহরণ ও শারীরিক নির্যাতনকারী আসামিদের দ্রুতবিচারের ব্যবস্থা গ্রহণে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের কালক্ষেপণ সুষ্ঠুবিচারের অন্তরায় বলে আশংকা প্রকাশ করে তিনি অবিলম্বে যথাযথ আইনী প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা গ্রহণের আহবান জানান।
অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুমকিও দেন তিনি। অপরদিকে, ২৮ জানুয়ারি শনিবার হাতিয়া উপজেলার চরকিং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম কাজলকে কতিপয় সন্ত্রাসী রাস্তায় লাঞ্ছিত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এনিয়ে বাড়াবাড়ি করলে শিক্ষক কাজলকে প্রাণনাশ করা হবে বলে হুমকি দেয় সন্ত্রাসীরা। এ ব্যাপারে হাতিয়া থানায় শিক্ষক ফখরুল ইসলাম কাজল বাদী হয়ে রিয়াজ উদ্দিন (৩০) ও রাসেল উদ্দিনকে (২৭) আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনী কার্যকর ভূমিকা গ্রহণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

No comments:

Post a Comment