যুক্তরাষ্ট্রের
সুপ্রিমকোর্টের শূন্য পদের জন্য নিল গর্সাচকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। কলোরাডো অঙ্গরাজ্যে ফেডারেল আপিল আদালতের বিচারক গর্সাচ
মৃত বিচারক গসার্চ আন্তোনিন স্কালিয়ার স্থলাভিষিক্ত হবেন। রক্ষণশীল এই
বিচারক নিয়োগ মাধ্যমে দেশটির সর্বোচ্চ আদালতে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা
নিশ্চিত হল। গর্ভপাত থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের মতো
যুক্তরাষ্ট্রের খুবই স্পর্শকাতর বিষয়গুলোর অধিকাংশের ব্যাপারেই
সুপ্রিমকোর্টের কথাই শেষ কথা।
তাই সুপ্রিমকোর্টের শূন্য পদে ট্রাম্পের এই
মনোনয়ন খুব গুরুত্ব বহন করে। খবর এএফপির।মঙ্গলবার হোয়াইট হাউসের ইস্ট রুমে
দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প ৪৯ বছর বয়সী গর্সাচের মনোনয়নের কথা
ঘোষণা করেন। এ সময় ট্রাম্প বলেন, ‘বিচারক গর্সাচ চমৎকার বুদ্ধিবৃত্তি
সম্পন্ন, আইন সম্পর্কে তার পড়াশোনা অতুলনীয় এবং সংবিধানের টেক্সট অনুযায়ী
ব্যাখ্যা দেয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তার আইনি দক্ষতা অসাধারণ। দৃপ্ত
মনের এই বিচারক ভীষণ শৃংখলাপরায়ণ এবং তিনি দু’দলের সমর্থনই অর্জন করেছেন।’
ট্রাম্পের এসব বক্তব্য সত্ত্বেও সিনেটের ডেমোক্রেটিক নেতা জানিয়েছেন,
মনোনীত এই বিচারক সম্পর্কে তার ‘গুরুতর সন্দেহ’ আছে। তার এ মনোনয়ন এখন
সিনেটে পাস করিয়ে নিতে হবে। ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের
সুপ্রিমকোর্টের বাইরে গর্সাচের মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।
মনোনয়ন গ্রহণ করে বিচারক গর্সাচ বলেছেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি।’
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ২১ জন পছন্দের বিচারকের যে সংক্ষিপ্ত
তালিকা দিয়েছিলেন তার মধ্য থেকেই গর্সেচকে বেছে নিয়েছেন।
গত বছরের
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের বিচারপতি আন্তোনিন স্কালিয়া
মারা যান। রক্ষণশীল অধ্যুষিত হাইকোর্ট বেঞ্চেরও একজন সদস্য ছিলেন
অ্যান্টোনিন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের হাইকোর্টে রক্ষণশীল ও লিবারেলদের
মধ্যে আবারও ক্ষমতার লড়াই শুরু হয়। স্কালিয়ার মৃত্যুর আগ পর্যন্ত
হাইকোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৫ জনই রক্ষণশীল ছিলেন। আর হাইকোর্ট বেঞ্চে
রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের
নেয়া জলবায়ু ও অভিবাসনবিষয়ক বেশ কিছু পরিকল্পনা আটকে গিয়েছিল। তবে
স্কালিয়ার মৃত্যুর পর রক্ষণশীল ও উদারপন্থী বিচারপতির সংখ্যা ৪-৪ এ দাঁড়ায়।
শিগগিরই কাউকে অ্যান্টোনিনের স্থলাভিষিক্ত করা হবে বলে সে সময় প্রেসিডেন্ট
ওবামা ঘোষণা দিলেও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত
আন্তোনিনের জায়গাটি ফাঁকা রাখতে বলে রিপাবলিকানরা। পরে দশ মাসের জন্য নিয়োগ
স্থগিত করা হয়। গর্সাচের নিয়োগ নিশ্চিত হলে সুপ্রিমকোর্টে আবারও
রক্ষণশীলদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে।
আরও ৮৭২ শরণার্থী গ্রহণ করছে
যুক্তরাষ্ট্র : যে কোনো দেশের শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর
প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেদাজ্ঞা সত্ত্বেও চলতি সপ্তাহে ৮৭২ শরণার্থীকে
গ্রহণের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। রয়টার্সের হাতে আশা
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক দলিল এ তথ্য নিশ্চিত করেছে। নাম
না প্রকাশের শর্তে হোমল্যান্ড সিকিউরিটির এক কর্মকর্তা শরণার্থী গ্রহণের
তথ্য নিশ্চিত করে বলেছেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই তাদের অভিবাসনের
জন্য ছাড়পত্র দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি শরণার্থী গ্রহণের এ সিদ্ধান্ত
অনুমোদন করেছে। সিদ্ধান্তটি এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। ট্রাম্পের সমালোচকেরা
বলছেন, ট্রাম্পের আদেশ বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত, অভিবাসন নিষেধাজ্ঞার
ব্যাপারে তাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করা হয়নি। হোমল্যান্ড সিকিউরিটির
কর্মকর্তারা জানিয়েছেন, আরও শরণার্থীকে অনুমোদন দেয়া হবে কিনা সে ব্যাপারে
এখনও জানা যায়নি।

No comments:
Post a Comment