Wednesday, February 22, 2017

ট্রাম্পকে সমর্থন মাইক পেন্সের

সংবাদ মাধ্যমের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণ সমর্থন করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্পের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, সত্য প্রকাশের ব্যাপারে লুকোচুরি করলেই তিনি ও ট্রাম্প সংবাদ মাধ্যমকে তিরস্কার করবেন। খবর সিএনএনের। ব্রাসেলসের ন্যাটো সদর দফতরে এক সংবাদ সম্মেলনে পেন্স দাবি করেন- মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস ও সমর্থন করেন তিনি ও প্রেসিডেন্ট ট্রাম্প। কয়েকদিন আগে নিজের প্রথম একক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে আমেরিকার জনগণের দুশমন বলে উল্লেখ করেন। ট্রাম্পের সমর্থনে পেন্স বলেন, সত্য হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজে পেয়েছি, আমেরিকার জনগণের সঙ্গে সরাসরি কথা বলার ক্ষেত্রে যার অনুপম যোগ্যতা রয়েছে। আর এ ব্যাপারে গণমাধ্যমের কোনো ভুল পেলে তা সংশোধনের জন্য সরাসরি আমেরিকার জনগণের কাছেই যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সঙ্গে সোমবার সংবাদ সম্মেলনে হাজির হন পেন্স। এ সময় পেন্স বলেন, ন্যাটোর জোটের মিশনের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। তবে জোটের কার্যক্রম চালু রাখতে বেশ কয়েকটি সদস্য দেশ আর্থিক দিক থেকে পূর্ণ সহযোগিতা করছে না। তিনি বলেন, এক্ষেত্রে চলতি বছরের শেষ নাগাদ জোটের সদস্য দেশগুলোর পক্ষ থেকে প্রকৃত অগ্রগতি আশা করছেন ট্রাম্প।
সংবাদ সম্মেলনে প্রথমবারের জন্য সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ব্যাপারে কথা বলেন পেন্স। তিনি বলেন, ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফোনালাপের ব্যাপারে ফ্লিন তাকে যে মিথ্যা তথ্য দিয়েছিলেন এতে তিনি ‘হতাশ’ হন। ইউরোপ সফরে পেন্স ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করেন যে, ট্রাম্প প্রশাসন ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করতে চায় না। তারপরও ইউরোপের শীর্ষ নেতাদের মধ্যে সংশয় থেকেই যাচ্ছে। ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গে আলোচনার পর পেন্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার সম্পর্ক টিকে থাকবে। তবে পেন্স আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেও ডোনাল্ড টাস্ক তার বক্তব্যে স্বীকার করেন যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক একটা নতুন ও অনিশ্চিত পথে প্রবেশ করেছে। পেন্সের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে টাস্ক পেন্সকে উদ্দেশ্য করেন বলেন, ‘এই বৈঠকের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সবার এটা দরকার ছিল। টাস্ক বলেন, আন্তর্জাতিক শৃংখলা, নিরাপত্তা ও ইউরোপের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থানের মতো মৌলিক কিছু ইস্যুতে পেন্সের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন তিনি। তবে দৃঢ়ভাবে সম্পর্ক ঘোষণার ব্যাপারে তিনি সতর্ক আছেন।’ টাস্ক বলেন, এই তিনটি ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট পেন্সের কাছ থেকে আমি আজ তিন-তিনবার ‘হ্যাঁ’ শুনেছি। এমন ইতিবাচক ঘোষণার পর ইউরোপীয় ও আমেরিকানদের অবশ্যই তা অনুশীলন করতে হবে।

No comments:

Post a Comment