Wednesday, February 22, 2017

উত্তরপ্রদেশের নির্বাচনে সাম্প্রদায়িক মেরুকরণ

নোট বাতিল করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই বা ঢাকঢোল পিটিয়ে উন্নয়নের প্রচার- উত্তরপ্রদেশের ভোটের ময়দানে এসব কোনো অস্ত্রই কাজে আসছে না। সাফল্য খুঁজতে দিশেহারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির কর্ণধার অমিত শাহ তাই হিন্দুত্ববাদের সুর চড়াচ্ছেন। ভোটের প্রচারে নেমে তারা বারবার ধর্মীয় বিভাজনের কথা টেনে এনে মেরুকরণের কথা বলছেন।
তবে বিজেপির রাজনীতি যাতে সফল না হয়, সেজন্য সংঘাত এড়ানোর কৌশল নিয়েছেন অখিলেশ যাদব আর রাহুল গান্ধীর জোট। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণ ও হিন্দুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন মোদি। তিনি বলেন, ‘গ্রামে কবরস্থানের জায়গা করা হলে শ্মশানঘাটও বানানো উচিত।’ অখিলেশ কেন উন্নয়নের কাজকে ধর্মের চশমা দিয়ে দেখেন- সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। অখিলেশের ওপর চড়াও হন বিজেপি সভাপতি অমিত শাহও। তিনি বলেন, ‘অখিলেশের সরকারি পরিষেবা অ-হিন্দুরা পায়।’ এমনকি গো-মাংসের রাজনীতি টেনে এনে অমিত বলেন, ‘ক্ষমতায় এলে বিজেপি রাজ্যের সমস্ত কসাইখানা বন্ধ করে দেবে।’ লোকসভা ভোটে মেরুকরণের রাজনীতির মধ্য দিয়ে উত্তরপ্রদেশে ঝড় তুলেছিল বিজেপি। আর এবার বিধানসভা ভোটের তিন দফা কেটে যাওয়ার পর সার্জিক্যাল স্ট্রাইক থেকে নোট বাতিল কিংবা উন্নয়ন- কোনো অস্ত্রই যখন ঠিকভাবে কাজ করছে না, তখন আবার পুরনো সেই হিন্দুত্ববাদের পথেই ফিরে গেল বিজেপি। বিজেপির বিশ্বাস, উগ্র হিন্দুত্ব দিয়ে হতাশ কর্মীদেরও চাঙ্গা করা যাবে।
তবে মোদি-অমিতকে মেরুকরণের পথে নামতে দেখে রাহুল-অখিলেশ পাল্টা কৌশল নিয়েছেন। তারা বলছেন, বিজেপির ফাঁদে পা দেয়া চলবে না। তাই মোদির মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ নির্বাচন কমিশনে নালিশ জানাতে চাইলেও রাহুল তাকে বারণ করেন। পাঁচ রাজ্যের ভোটের দিকে তাকিয়ে একের পর এক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন মোদি। কখনও সার্জিক্যাল স্ট্রাইক করে ৫৬ ইঞ্চি ছাতি ফুলিয়েছেন। কখনও নোট বাতিলে গরিরের উপকারের কথা বলে গলা ফাটিয়েছেন। কিন্তু উত্তরপ্রদেশের মাটি যে অন্য কথা বলছে, সেটা বুঝতে পারছেন বিজেপির শীর্ষ নেতারা। গঙ্গা-যমুনার এ সঙ্গম শহরে বিজেপির সংকটের ছবিটা স্পষ্ট হয়ে উঠছে। এদিকে মঙ্গলবার ইলাহাবাদের আনন্দভবন থেকে রাহুল-অখিলেশের রোড শো শুরু হয়েছে। মতিলাল-জওহরলাল নেহরু থেকে শুরু করে গান্ধী পরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এ বাড়িটি। ভোটের প্রচার করতে এসে রাহুল থাকবেন এরই লাগোয়া স্বরাজ ভবনে। জোটের মোকাবেলায় অমিত শাহও ইলাহাবাদে পাল্টা রোড শো করেছেন। পাল্টাপাল্টি এ পরিস্থিতিতে আগেই দলের কর্মীদের অখিলেশ জানিয়ে দিয়েছেন, ‘বিজেপি আক্রমণাত্মক হলেও আমরা হিংসার পথে যাব না।’

No comments:

Post a Comment