Saturday, February 11, 2017

ইরানে লাখো কণ্ঠে স্লোগান ‘আমেরিকা নিপাত যাক’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বত্র শুক্রবার বিপ্লববার্ষিকী র‌্যালিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়েছে। ট্রাম্পের ইরানবিরোধী নীতির নিন্দা জানিয়ে বিক্ষোভ র‌্যালিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেয় এবং ‘আমেরিকা নিপাত যাক’ লেখা ব্যানার ও ট্রাম্পের ছবি বহন করে আজাদি স্কয়ারের দিকে মার্চ করে। খবর রয়টার্সের। ইরানে প্রতিবছর ইসলামি বিপ্লববার্ষিকীর র‌্যালিতে সাধারণত ‘আমেরিকা নিপাত যাক ও ইসরাইল ধ্বংস হোক’ স্লোগানটি প্রাধান্য পায়। কিন্তু এ বছরের র‌্যালিতে সবার কণ্ঠেই ছিল আরও কয়েকটি নতুন স্লোগান। এগুলোর মধ্যে অন্যতম হল- ‘ট্রাম্প নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক’ এবং ‘ভয় করি না হুমকি-ধমকি’। তাদের হাতে ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের কুশপুত্তলিকা। মিছিলের সঙ্গে সঙ্গে সামরিক পুলিশের একটি ব্যান্ড দল ইরানের ঐতিহ্যবাহী বিপ্লবী গানও বাজায়। ইরান আমেরিকার ‘হুমকিকে’ ভয় পায় না- তা দেখিয়ে দিতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি মঙ্গলবার ইরানিদের বিক্ষোভে নামার ডাক দেন। ইরানের রাষ্ট্রীয় টিভি ফুটেজে দেখা গেছে, বিক্ষুব্ধ ইরানিরা ট্রাম্পের ছবি পায়ে মাড়িয়ে তেহরানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
২৯ জানুয়ারি ইরান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে গত সপ্তাহে ট্রাম্প ইরানকে ‘নজরদারিতে রাখার’ হুশিয়ারি দেয়ার পাশাপাশি দেশটির কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু এতেও ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না বলে জানায়। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও শুক্রবার সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইরানিদের বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান। আজাদি স্কয়ারে সমবেতদের উদ্দেশে তিনি বলেন, ‘আঞ্চলিক কয়েকজন অভিজ্ঞ মানুষ এবং আমেরিকা ইরানকে হুমকি দিচ্ছে... তাদের জানা উচিত, হুমকির ভাষা দিয়ে ইরানে কোনো কাজ কখনও হয়নি। তাদেরকে ইরান ও ইরানিদের সম্মান করা শিখতে হবে... আমরা যে কোনো যুদ্ধংদেহী নীতি কঠোরভাবে মোকাবেলা করব।’ এর আগে সাংবাদিকদের হাসান রুহানি বলেছেন, ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে সারা দেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ হোয়াইট হাউসে নতুন মার্কিন প্রশাসনের ‘অসত্য মন্তব্য’র বিরুদ্ধে একটি কড়া জবাব। সেইসঙ্গে তিনি এও বলেন, মহান ইরানি জাতিকে হুমকি দিয়ে বিশ্বের বলদর্পী শক্তিগুলো অনুশোচনা করবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, সরব উপস্থিতির মাধ্যমে ইরানি জনগণ বিশ্বকে এ বার্তাই দিচ্ছে যে, ইরানি জাতির সঙ্গে সম্মান এবং মর্যাদার ভাষায় কথা বলতে হবে, ভয় ও হুমকির ভাষায় নয়।

No comments:

Post a Comment