দুবাইয়ে
উদ্বোধন হতে যাচ্ছে ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাব দুবাই নামে
ট্রাম্পের মালিকানাধীন ‘আইকোনিক’ গল্ফ ক্লাব। আগামী শনিবার প্রেসিডেন্ট
ট্রাম্পের দুই ছেলে ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প ক্লাবটির উদ্বোধন করবেন।
জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের কোম্পানির প্রথম কোনো ব্যবসায়
উদ্যোগ দুবাইয়ের এই গল্ফ ক্লাব। খবর এএফপির। নভেম্বরের নির্বাচনে নির্বাচিত
হওয়ার পর থেকে ট্রাম্প জনসমক্ষে বলেন, দুই ছেলের কাঁধে ব্যবসায়ের
নিয়ন্ত্রণ তুলে দিয়ে ব্যবসায় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেবেন।
কিন্তু
বর্তমানে কয়েকটি নীতিবিষয়ক সংগঠনের আহ্বান সত্ত্বেও তিনি ব্যবসা ছাড়তে
অস্বীকার করছেন। মাত্র এক মাস আগে তিনি বলেছিলেন, দুবাইয়ের সঙ্গে ২ বিলিয়ন
ডলারের একটি চুক্তি তিনি বাতিল করেছেন। এছাড়া ১১ জানুয়ারি ট্রাম্প
অর্গানাইজেশন প্রতিশ্রুতি দেয় যে, যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটি নতুন
করে আর কোনো ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করবে না। দুবাই গল্ফ ক্লাব সেই
প্রতিশ্রুতির সরাসরি বরখেলাপ। ট্রাম্পের ব্যবসায় সম্পৃক্ততার ব্যাপারে
সমালোচকরা ইতিমধ্যে তার স্বার্থের প্রশ্ন তুলেছেন। তাদের যুক্তি,
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার ক্ষমতা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করে
লাভবান হতে পারেন যা মার্কিন সংবিধানের পরিপন্থী। ট্রাম্প অবশ্য নিউইয়র্কের
এক সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে ব্যবসার ক্ষেত্রে
আমার কোনো স্বার্থের সংঘাতের প্রশ্ন নেই।’

No comments:
Post a Comment