Wednesday, February 8, 2017

কৈলাস সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরি

ভারতীয় শিশু অধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর নয়াদিল্লির বাসা থেকে তার নোবেল মেডেলের রেপ্লিকা চুরি হয়েছে। মঙ্গলবার ভোরের ওই চুরির ঘটনায় তার নোবেল সনদপত্রও চুরি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ জানিয়েছে, কৈলাস সত্যার্থীর নয়াদিল্লির বাসা থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে তার নোবেল পুরস্কারের রেপ্লিকাও রয়েছে। এক বিবৃতিতে সত্যার্থী বলেন, ‘আমার ঘরের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। অন্য জিনিসের সঙ্গে নোবেল রেপ্লিকা ও নোবেল সার্টিফিকেট চুরি হয়েছে। আর কি কি হারিয়েছে তা এখন খতিয়ে দেখা হচ্ছে। শিষ্টাচারবিধি অনুযায়ী,
কৈলাস সত্যার্থীর আসল নোবেল পুরস্কারটি রাষ্ট্রপতি ভবনে রাখা আছে। পুলিশের ধারণা, নোবেল পুরস্কারের বিষয়টি চোর হয়তো জানত। তবে সেটি যে নকল, তা হয়তো বুঝতে পারেনি। কৈলাস সত্যার্থীর বাসায় চুরির ঘটনায় একটি অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। সত্যার্থী জানান, দিল্লি পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে চুরির বিষয়ে তদন্ত করছে। ইতিমধ্যে অপরাধ ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। চোর ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু লোককে আটকও করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ভাঙারি ব্যবসায়ী ও স্থানীয় অপরাধীরা রয়েছেন। ২০১৪ সালে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। দু’জনেরই অবদানের ক্ষেত্র শিশু, শিক্ষা ও শৈশব। ৬৩ বছর বয়সী কৈলাস সত্যার্থী ভারতে শিশু অধিকার সুরক্ষা ও মানব পাচার রোধে বাচপান বাঁচাও আন্দোলন প্রতিষ্ঠা করেন।

No comments:

Post a Comment