হায়দরাবাদ
মিশন শেষে মঙ্গলবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। তবে পুরো দল ফেরেনি।
পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলতে আরব আমিরাতে উড়াল দিয়েছেন তামিম ইকবাল
ও মাহমুদউল্লাহ। তবে দলের সঙ্গে দেশে ফিরেছেন পিএসএলে সুযোগ পাওয়া
অলরাউন্ডার সাকিব আল হাসান। পেশোয়ার জালমির হয়ে খেলার জন্য আজ দুবাইয়ে
যাওয়ার কথা রয়েছে সাকিবের। অধিনায়ক মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম কলকাতায়
রয়ে গেছেন ব্যক্তিগত কাজে। ১০ দিনের ছুটি ক্রিকেটারদের। এরপর শুরু হবে
শ্রীলংকা সফরের প্রস্তুতি। কাল সকাল ৬টায় হায়দরাবাদ থেকে কলকাতার বিমানে
ওঠে বাংলাদেশ দল। কলকাতা থেকে ঢাকায় ফেরে খণ্ডিত দল ইউএস বাংলা
এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। শ্রীলংকা সফরকে সামনে রেখে আগামী ২৪ ফেব্রুয়ারি
অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলের। এ মাসের শেষেরদিকে মাশরাফি, মুশফিকরা
শ্রীলংকা যাবেন। শ্রীলংকায় দুটি করে টেস্ট ও টি ২০ এবং তিনটি ওডিআই খেলবে
বাংলাদেশ। সোমবার শেষ হওয়া হায়দরাবাদ টেস্টে ২০৮ রানে হেরেছে বাংলাদেশ।
দেশে ফেরার পর বিমানবন্দরে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘দল যদি ভালো করত,
তাহলে সবচেয়ে বেশি ভালো লাগত। তবে একথা মানতেই হবে যে, আমরা সবাই ভালো
ক্রিকেট খেলেছি।’ প্রথম ইনিংসে ৫১ রান করেন তিনি। নিজের এই ইনিংসের জন্য
মেহেদি কৃতজ্ঞতা জানান অধিনায়ককে। তিনি বলেন, ‘মুশফিক ভাই আমাকে গাইড
করেছেন। কীভাবে আমি ভালো ব্যাটিং করব, এ ব্যাপারে আমাকে সাহায্য করেছেন
উনি। আমার ওই ইনিংসে তার অবদান কোনো অংশে কম নয়।’ এদিকে পেশোয়ার জালমির হয়ে
খেলার কথা রয়েছে সাকিব ও তামিমের। দ্বিতীয় আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের
জার্সি গায়ে মাঠ মাতাবেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার
ব্র্যাড হজের বদলি হিসেবে মাহমুদউল্লাহকে নিয়েছে কোয়েটা। পারিবারিক কারণে
হজ এবার খেলছেন না। টুর্নামেন্টর গত আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন
সাকিব। করাচি তাকে দলে রাখেনি। পেশোয়ার জালমির জার্সিতে তামিমের সতীর্থ হয়ে
খেলবেন তিনি। ৫ মার্চ পর্যন্ত চলবে পিএসএল। তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায়
মাঝের কয়েকটি ম্যাচ খেলে শ্রীলংকা সফরে যাওয়ার আগে দেশে ফিরবেন
সাকিব-তামিম, মাহমুউল্লাহরা। তাই পেশোয়ার জালমি সাকিবের বদলি হিসেবে ঠিক
করেছে শ্রীলংকার তিলাকারত্নে দিলশানকে। আর তামিমের জায়গায় আসবেন ইংলিশ
অলরাউন্ডার সামিত প্যাটেল।

No comments:
Post a Comment