শিশু-কিশোরদের
স্ক্রিন ডিভাইসের প্রতি আসক্তি তাদের স্থূল হওয়ার জন্য দায়ী। সম্প্রতি এক
গবেষণায় প্রকাশ করা হয়েছে, যে শিশু-কিশোররা ৫ ঘণ্টার বেশি ট্যাবলেট,
স্মার্টফোন এবং টেলিভিশনের মতো ডিজিটাল ডিভাইস নিয়ে সময় অতিবাহিত করে তাদের
স্থূলকায় বা মোটা হওয়ার সম্ভাবনা যারা এগুলো ব্যবহার করে না তাদের তুলনায়
৪৩ শতাংশ বেশি। পেডিয়াট্রিক্স নামক সাময়িকীতে প্রকাশিত গবেষণা মতে, যে শিশু
স্ক্রিন ডিভাইসে এবং টিভি দেখে অনেক বেশি সময় কাটায় তারা এমন আচরণের সঙ্গে
যুক্ত হয়ে যায়, যা তাদের মোটা হতে সাহায্য করে। আমেরিকার হার্ভার্ড টিএইচ
চ্যান স্কুল অব পাবলিক হেলথের ডা. এরিকা এল ক্যানি এবং গবেষণার লেখক
পরামর্শ দেন, শিশু এবং কিশোরদের টেলিভিশন ও অন্যান্য স্ক্রিন ডিভাইস দেখার
সময়টা সীমিত করে দেয়া তাদের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করবে। গবেষক দলটি
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইয়ুথ রিস্ক বিহেভিয়ার সারভেইলেন্স সিস্টেম
থেকে তথ্য সংগ্রহ করে। এখানে নবম থেকে ১২তম গ্রেডের ২৪ হাজার ৮০০ কিশোর
অংশগ্রহণ করে।
কিশোররা স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটারে ভিডিও গেম খেলে
এবং টেলিভিশন দেখে কত ঘণ্টা সময় ব্যয় করে, স্কুলের দিনগুলোয় কতক্ষণ ঘুমিয়ে
কাটায়, মিষ্টি খাবার খাওয়ার পরিমাণ এবং শারীরিক সক্রিয়তার মাত্রা ইত্যাদি
বিষয় নিয়ে জরিপ করেন তারা। তারা দেখেন, ২০ শতাংশ শিশুই দিনে ৫ ঘণ্টার বেশি
সময় স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার এবং ভিডিও গেমস খেলে সময় ব্যয় করে।
অন্যদিকে ৮ শতাংশ কিশোর দিনে ৫ ঘণ্টারও বেশি সময় টিভি দেখে কাটায়। গবেষকরা
এটাও দেখেছেন, যারা ৫ ঘণ্টার বেশি সময় স্ক্রিন ডিভাইস নিয়ে সময় অতিবাহিত
করে তারা দৈনিক মিষ্টি পানীয় দ্বিগুণ পরিমাণে পান করে, তারা পর্যাপ্ত সময়
ঘুমায় না এবং তাদের শারীরিক সক্রিয়তার পরিমাণও কম থাকে। তাদের স্থূল হওয়ার
সম্ভাবনা ৪৩ শতাংশ বেশি যারা এসব ডিভাইসে সময় অতিবাহিত করে না তাদের
তুলনায়। তবে এ গবেষণার উপসংহারে স্ক্রিন ডিভাইস ব্যবহারই স্থূলতার হার
বৃদ্ধির কারণ কিনা, সে বিষয়ে নিশ্চিতভাবে বলা হয়নি। তবে উদ্বেগ প্রকাশ করা
হয়েছে। আরও অধিক গবেষণা হওয়ার আগ পর্যন্ত গবেষকরা শিশু-কিশোরদের পরিবারকে
উৎসাহিত করতে চান টেলিভিশন এবং অন্যান্য স্ক্রিন ডিভাইস ব্যবহারের সময়
সীমিত করার জন্য।
সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড, প্রিয়টেক -সাবেরা খাতুন
সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড, প্রিয়টেক -সাবেরা খাতুন

No comments:
Post a Comment