Wednesday, February 22, 2017

দেড়শ’ রিভিউ আবেদন ফাইলবন্দি

প্রশাসনে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের রিভিউ আবেদন ফাইলবন্দি হয়ে আছে। শেষ দফায় পদোন্নতিবঞ্চিত আট শতাধিক কর্মকর্তার মধ্যে প্রায় দেড়শ’ বঞ্চিত কর্মকর্তা তাদের বিষয়টি পুনঃবিবেচনা করার আবেদন করেন। কিন্তু গত তিন মাসেও এ সংক্রান্ত ফাইলে কোনো গতি আসেনি। আবেদনকারীদের মধ্যে ৫৪ জন যুগ্ম সচিব, ৫৯ জন উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব রয়েছেন ৩০ জন। প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর প্রশাসনের তিন স্তরে ৫৭০ কর্মকর্তাকে পদোন্নতি দিতে গিয়ে আট শতাধিক কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। বঞ্চিতরা তাদের বিষয়টি পুনরায় বিবেচনা করে এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) কাছে দ্রুত রিভিউ বৈঠক দাবি করেন। নানাভাবে ক্ষোভ অসন্তোষ প্রকাশ করা ছাড়াও জনপ্রশাসন সচিবের কাছে আবেদন করেন কিছুসংখ্যক কর্মকর্তা। আবেদন করে কোনো লাভ হবে না ভেবে বেশির ভাগ কর্মকর্তা নিজেকে গুটিয়ে রাখেন। সূত্র বলছে, জমা পড়া আবেদন যাচাই-বাছাইয়ের নামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখায় ফাইলবন্দি অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্টরা বলছেন, উপরের নির্দেশ পেলে সে মোতাবেক তা উপস্থাপন করা হবে। জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান যুগান্তরকে বলেন, ওইসব আবেদন বিবেচনায় নিয়ে আলাদা কোনো পদোন্নতি বৈঠক করার উদ্যোগ এ মুহূর্তে নেই। তবে ছোটখাটো কারণে বা দু-একটি কাগজের অভাবে যারা পদোন্নতি পাননি,
তারা আবেদন করে থাকলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আবেদনকারীদের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলেও জানান জনপ্রশাসনের এই সিনিয়র সচিব। জানা গেছে, ২৭ নভেম্বর প্রশাসনের তিন স্তরে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে ৫৭০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। এর মধ্যে উপসচিব পদে ২২৭, যুগ্ম সচিব পদে ১৯৫ এবং অতিরিক্ত সচিব পদে ১৪৮ জনকে পদোন্নতি দেয়া হয়। ওই সময় অভিযোগ ওঠে পদোন্নতি দিতে গিয়ে এর দ্বিগুণের বেশি কর্মকর্তাকে পদোন্নতিবঞ্চিত করা হয়েছে। অনেককে পদোন্নতি দেয়া হয় শুধু দলীয় বিবেচনায়। তদবিরের প্রভাব খাটিয়ে দুর্নীতিবাজ ও অদক্ষ হিসেবে চিহ্নিত এমন অনেক কর্মকর্তা পদোন্নতি পেতে সক্ষম হন। বিপরীতে অধিকতর যোগ্য ও দক্ষ দাবিদার অনেক কর্মকর্তাকে বাদ দেয়া হয়। তবে এসব অভিযোগ মানতে নারাজ এসএসবিসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। তারা বলেন, পদোন্নতি হলেই প্রতিবারই এ ধরনের গৎবাঁধা কিছু অভিযোগ উপস্থাপন করা হয়। তাই এ ধরনের অভিযোগ উত্থাপনকারী কর্মকর্তাদের পদোন্নতি দিতে পৃথকভাবে কোনো রিভিউ বৈঠক হচ্ছে না। পরে যখন পদোন্নতি হবে তখন লেফটআউট হিসেবে বিবেচনা করা হবে।

No comments:

Post a Comment