Wednesday, February 22, 2017

কুমিল্লায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কুমিল্লার বুড়িচংয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৩৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু'জন।মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়নল-লড়ীবাগ রাস্তার পাশে সিন্দুরিয়া রেল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আজাদ জেলার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামের জমির আলীর ছেলে এবং দেবিদ্বার এসএ সরকারি কলেজ রোডে মমতা জুয়েলারির মালিক ছিলেন। স্থানীয়দের বরাতে বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, আবুল কালাম আজাদ রাতে তার দুই সহযোগী- মিজান ও জামালকে নিয়ে মোটরসাইকেলে ওই ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়।
এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আজাদ নিহত হন। লুটে নেয়া হয় তাদের মোটরসাইকেল, টাকা-পয়সা ও মোবাইল ফোন। পরে স্থানীয়রা আহত মিজানকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও জামালকে কুমেক হাসপাতালে ভর্তি করে। আজাদের লাশ বুড়িচং থানা পুলিশের হেফাজতে রয়েছে। বুধবার সকালে কুমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

No comments:

Post a Comment