Wednesday, February 22, 2017

যশোরে ট্রাকের নিচে ফেলে কৃষককে হত্যা

যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে শরিফুল ইসলাম (২৫) নামে এক কৃষককে মারধরের পর চলন্ত ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডে ঘটেছে বলে নিহতের স্বজনেরা দাবি করেছেন। শরিফুল ইসলাম সিরাজসিংহা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। রাতে কোতোয়ালি থানায় এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস হোসেন। নিহতের বড় ভাই রেজাউল ইসলাম অভিযোগ করেন, বাড়ির সামনের রাস্তা দিয়ে ইটভাটার মাটির ট্রাক যাতায়াত করে।
ওই ট্রাকের ধুলায় এলাকার মানুষ অতিষ্ঠ। ধুলা যাতে না ওড়ে এজন্য রাস্তায় পানি ছিটিয়ে মাটির ট্রাক নেয়ার জন্যে শরিফুল তাদের বলেছিল। ওই ট্রাকের চালক ও শ্রমিকেরা তা শোনেনি। এরপর বেলা ১১টার দিকে শরিফুল ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা তৈরির জন্য রাস্তার ওপরে একটা কাঠের গুড়ি রাখে। এ সময় ইটভাটায় মাটি দেয়া ঠিকাদার সিরাজসিংহা গ্রামের হাসান আলী ঘটনাস্থলে গিয়ে শরিফুলকে মারধর করতে করতে রাস্তায় নিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয় বলে দাবি রেজাউল ইসলামের। যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ও সহকারী (হেলপার) পলাতক। এ ঘটনায় রাতে মামলা হয়েছে। চালক ও তার সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment