Thursday, February 2, 2017

আমেরিকায় ফের মুসলিম নারীকে হেনস্থা

ডোনাল্ড ট্রাম্পের রাজত্বে মার্কিন মুলুকে ফের হেনস্থার শিকার মুসলিম নারী। প্রকাশ্য দিনের আলোয় একটি রেস্তোঁরায় তাকে হেনস্থা করল এক ব্যক্তি। একটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওয় ঘটনাটি ধরা পড়েছে। দেখা গেছে, আটলান্টার ‘‌জোস কফিশপে’‌ বসে নিজের কম্পিউটারে কাজ করছিলেন ৩৯ বছর বয়সী আসমা এলহুনি। অপেক্ষা করছিলেন এক বন্ধুর জন্য। তখন সেখানে হাজির হয় রব কোহলার নামের এক ব্যক্তি। কোনো কিছু না বলেই, মোবাইল ফোনের ক্যামেরায় আসমার ছবি তুলতে শুরু করে সে। অনুমতি ছাড়া ছবি তোলায় আপত্তি জানান আসমা। তবে তাতে কান দেয়নি সে। বাধ্য হয়ে ওই ব্যক্তির কাণ্ডকারখানার ভিডিও রেকর্ডিং শুরু করেন আসমা।
কিছুক্ষণ পরই আসমার পাশে চেয়ার নিয়ে বসে পড়ে। জানায়, আসমা নয়, পিছনে বসা এক ব্যক্তির ছবি তুলছিল সে। খামোকা ঘ্যান ঘ্যান না করলে ভালো। এরপর অকথ্য ভাষায় গালাগালি শুরু করে সে। তারপরই আসমা আমেরিকান নাগরিক কিনা জিজ্ঞেস করে বসে। জানতে চায়, তার কাছে বৈধ কাগজপত্র আছে কিনা। প্রশ্নের জবাব দিলেও চেয়ার ছেড়ে ওঠেনি সে। আসমার বন্ধুটি এসে পৌঁছলে তবেই পিছু হটে। ইরাক, ইরান, সুদান, সিরিয়া, সোমালিয়া, লিবিয়া, ইয়েমেন— সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এই সাতটি মুসলিম দেশ থেকে আসা মানুষের প্রবেশ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসমা তালিকাভুক্ত লিবিয়ার বাসিন্দা। এই ঘটনার পর রেস্তোঁরার মধ্যেই বিক্ষোভ দেখান সেখানকার কর্মীরা। ঘটনাটি সামনে আসার পর অবশ্য উল্টো সুর গেয়েছে রব। তার দাবি, রেস্তোঁরার ছবি তুলছিল সে। আচমকাই হম্বিতম্বি শুরু করেন আসমা। পরে তার বন্ধুটিও তাতে যোগ দেয়। তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।

No comments:

Post a Comment