সাতক্ষীরা সদর উপজেলায় ইটবহনকারী ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন চালক আবদুল মাজেদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতকে দেখতে যাবার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার চাচা স্কুলশিক্ষক আতাউর রহমান। তারা দু'জনেই সদর উপজেলার মাছখোলা গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মাজেদ তার নিজের ট্রলিতে করে ইট নিয়ে আনছিলেন।
পথে মাছখোলা বাজারে ট্রলির সিট ভেঙে পড়ে চাকার নিচে পিষ্ট হন তিনি। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাজেদের মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে মাজেদের চাচা মাছখোলা হাইস্কুলের শিক্ষক আতিয়ার রহমান সাইকেলে হাসপাতালে যাচ্ছিলেন। পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাচা-ভাতিজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, ময়নাতদন্ত শেষে আবদুল মাজেদ ও তার চাচা আতিয়ার রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments:
Post a Comment