Wednesday, February 15, 2017

বিরাটকে থামানোর গেমপ্ল্যান তৈরি : স্মিথ

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাশি আগেই বলেছেন, ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এক নম্বর ‘শত্রু’ বিরাট কোহলি। ভারত অধিনায়কের দুরন্ত ফর্ম অস্ট্রেলিয়া কেন, যে কোনো দলকেই চিন্তায় ফেলে দেয়ার পক্ষে যথেষ্ট। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিরাট কোহলির ব্যাটে রানের বন্যা বইছে। ১৩টি টেস্টে তিনি ১৪৫৭ রান করেছেন।
ভারতের মাটিতে পা রেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ স্পষ্ট করে দিলেন, ‘বিরাট কোহলিকে থামানোর জন্য আমাদের বিশেষ গেমপ্ল্যান রয়েছে। তবে সেটা এখনই বলা যাবে না। বিরাট বিশ্বমানের ব্যাটসম্যান। দারুণ ছন্দে রয়েছে। গত চারটি টেস্ট সিরিজে ও চারটে ডাবল সেঞ্চুরি করেছে। তবে বিরাট কোহলির পাশাপাশি আমাদের ভারতীয় দলের বাকি ব্যাটসম্যানদের নিয়েও ভাবতে হচ্ছে। বিশেষ করে প্রথম ছয় ব্যাটসম্যান খুবই ভালো। তবে আমরা আশাবাদী ওদের থামানোর ব্যাপারে।’ ভারতীয় দলের দুই তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার দুরন্ত ফর্ম যথেষ্ট চিন্তায় রেখেছে অস্ট্রেলিয়াকে। বিশেষ করে ঘরের মাঠে ভারতের এক টানা ১৯টি টেস্টে অপরাজিত থাকার পিছনে এই দুই স্পিনারের বিশেষ অবদান রয়েছে। অশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে দ্রুততম ২৫০টি উইকেট নিয়েছেন। স্মিথ বলছেন, ‘আমাদের প্রত্যেক ব্যাটসম্যান ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি। তবে অশ্বিন বিশ্বের এক নম্বর স্পিনার। সমীহ তো করতেই হবে। আমরা জানি অশ্বিনকে খেলতে আমাদের সমস্যা হবে। সেই কারণেই ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য আমরা বিশেষ অনুশীলন করেছি। মাঠে নেমে লড়াই করার জন্য আমাদের দলের প্রত্যেক ক্রিকেটার মানসিকভাবে তৈরি।’
উল্লেখ্য, কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে স্মিথ বাহিনী। তাই তামিলনাড়ুর সাবেক স্পিনার শ্রীধরন শ্রীরাম এবং ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসর অসি স্পিনারদের পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। এই প্রসঙ্গে অসি কোচ লেম্যান বলেন, ‘মন্টি ও শ্রীরামের পরামর্শ আশা করি কাজে দেবে। মন্টি ভারতের মাটিতে দারুণভাবে সফল। শ্রীরাম স্থানীয় কন্ডিশন সম্পর্কে আমাদের অনেক টিপস দিয়েছে। এতে আমাদের স্পিনাররা দারুণভাবে উপকৃত হয়েছে বলেই আমার বিশ্বাস।’ ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেই যুদ্ধের ডংকা বাজিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। মঙ্গলবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে স্লেজিং নিয়ে প্রশ্নের উত্তরে স্মিথ বলেন, ‘কোন পরিস্থিতিতে বিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে বাকযুদ্ধ শুরু হবে সেটা আগাম কেউ বলতে পারে না। তবে দলের ভালো হলে স্লেজিংয়ে আপত্তি নেই। এটা আমরা ক্রিকেটারদের উপরই ছেড়ে দিচ্ছি।’ অতীতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে দুই দলের ক্রিকেটারদের বার বার বাকযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গেছে। বাইশ গজের লড়াইটা যেমন পর্যায়ে পৌঁছায় যে স্লেজিং যেন দুই দলের ক্রিকেটারদের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। ২০১৪ সালে ভারতীয় দল যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল তখন বিরাট কোহলি ও স্টিভ স্মিথের বাকযুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনা সবারই জানা। শুধু তাই নয়, বর্তমানে ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে যখন অধিনায়ক ছিলেন, তখন ‘মাঙ্কিগেট’ স্ক্যান্ডাল তোলপাড় ফেলে দিয়েছিল ক্রিকেট দুনিয়ায়।
ভারতীয় স্পিনার হরভজন সিং ও অসি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস পরস্পরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতেও পিছপা হননি। ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলে সেটা এই দলের প্রত্যেক ক্রিকেটারের জীবনের একটা অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই প্রসঙ্গে টেনে স্মিথ আরো বলেন, ‘ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে খেলাটা সব সময় কঠিন। আমরা যদি এই অসাধ্য সাধন করতে পারি তাহলে ১০-২০ বছর আগের সময়ে ফিরে যেতে পারব। ভারতের মাটিতে খেলার আনন্দটাই অন্যরকম।’ ভারতের মাটিতে অস্ট্রেলিয়া শেষবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ২০০৪-০৫ সালে। তার পর শুধুই ব্যর্থতা তাড়া করে বেড়িয়েছে ক্যাঙ্গারু বাহিনীকে। ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে এবারের ভারত সফর শুরু করবেন স্মিথরা। তারা প্রথম টেস্টটি খেলতে নামবেন পুনেতে। যা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। ভারতের মাটিতে জয়ের খরা কাটাতে এবার দারুণ প্রস্তুতি নিয়েছে ড্যারেন লেম্যানের ছেলেরা। স্মিথ বলেছেন, ‘সিরিজটা কঠিন হবে। সেটা জেনেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। আগামী ছয় সপ্তাহে ফল কী দাঁড়ায় এখন সেটা জানার অপেক্ষায় রয়েছে সবাই।’ ২০১২ সালে ইংল্যান্ডের কাছে হারার পর থেকে ভারত আর ঘরের মাটিতে কোনো টেস্ট সিরিজ হারেনি। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকেও হারিয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজেও দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির দল।
তাই সৌরভ গাঙ্গুলির মতো সাবেক ভারত অধিনায়ক স্পষ্ট বলে দিচ্ছেন, কোহলি বাহিনী যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে তাতে অবাক হব না। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান ভারতের উইকেট সম্পর্কে ওয়াকিবহাল। তিনি অতীতে আইপিএলে কোচিং করিয়েছেন। অধিনায়ক স্টিভ স্মিথও আইপিএলে প্রতিনিধিত্ব করার সুবাদে ভারতের প্রায় প্রতিটি মাঠেই খেলেছেন। লেম্যান বলছেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। একটা রোমাঞ্চকর সিরিজ হতে যাচ্ছে। ভারত খুবই ব্যালান্সড দল। কয়েকজন ভালো পেস বোলার যেমন আছে, তেমনি স্পিন ব্রিগেডও খুবই ভয়ঙ্কর। ওরা ঘরের মাঠে ১৯টা টেস্টে অপরাজিত।’ মুম্বইয়ে আসার আগে অস্ট্রেলিয়া দল কয়েকদিন দুবাইয়ে অনুশীলন করেন। এই প্রসঙ্গে অসি কোচ বলেন, ‘দুবাইয়ে ছেলেরা খুব ভালো অনুশীলন করেছে। এক কঠিন সিরিজ খেলতে নামার যাবতীয় প্রস্তুতি আমরা নিয়েছি। এবার সেটা মাঠে নেমে প্রয়োগ করার অপেক্ষায় রয়েছে ছেলেরা।’

No comments:

Post a Comment