আওয়ামী
লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সমকালের সিরাজগঞ্জের
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে সোমবার
সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে
সাংবাদিকরা। গজারিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে
সাংবাদিক, রাজনৈতিক,সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষ
অংশগ্রহণ করেন।
বক্তারা শিমুল হত্যায় প্রধান অভিযুক্ত আটক পৌর মেয়র হালিমুল
হক মিরুর ফাঁসি দাবী জানান। বাকী অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের
আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সহ শিমুলের দুই শিশু সন্তান ও স্ত্রী‘র
দায়িত্ব নিতে প্রধান মন্ত্রীর প্রতি আহবান জানান। সমকালের গজারিয়া উপজেলা
প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মানব বন্ধন ও প্রতিবাদ সভায়
বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন,
সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের সভাপতি
হান্নান আহমেদ খান বাবলু, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ
ফরাজী ,ভবেরচর ইউনিয়ন আ‘লীগের সভাপতি মো: লোকমান হোসেন সরকার, উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডের সহ কমান্ডার মো: তোফাজ্জল হোসেন প্রমুখ।

No comments:
Post a Comment