Wednesday, March 1, 2017

ধর্মঘটে গাড়ি চালানোয় ভয়ংকর শাস্তি

আদালতের রায়ে দুই চালকের যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। পাবনা জেলাতেও এ ধর্মঘট পালিত হচ্ছে। তবে সন্ধ্যার দিকে বগুড়া জেলাসহ কয়েকটি জেলা থেকে কাঁচামালসহ কিছু জরুরি পণ্য নিয়ে কয়েকটি ট্রাক এ জেলায় আসে। এসব যানবাহন পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর ট্রাফিক মোড়ে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের বাধার মুখে পড়ে। এ সময় পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (কাশীনাথপুর) কতিপয় সদস্য ১০/১২টি ট্রাকের চালককে মারপিট করে ট্রাক থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আনে। এরপর তাদের সঙ্গে যা করা হয়,
রীতিমতো চমকে ওঠার মতো। চালকদের প্রত্যেককে তাদের গাড়ির ইঞ্জিনের নিচে উপুড় বা চিৎ করে শুইতে বাধ্য করা হয়। এ সময় আব্দুল মোতালেবসহ বেশ কয়েকজন চালক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করেন। চালকদের এ ধরনের শাস্তি দেখে স্থানীয় সাধারণ মানুষ মোটর শ্রমিক ইউনিয়নের (কাশীনাথপুর) শ্রমিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তারা দু'জন অভিযুক্ত চালককে জেল থেকে দায়মুক্তির আন্দোলনের নামে অন্য ১০ জন চালককে এভাবে নির্যাতনের কড়া সমালোচনা করে সংগঠনটির লাইসেন্স বাতিলের দাবি জানান। ঘটনার বিষয়ে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের  (কাশীনাথপুর) সাধারণ সম্পাদক শাহ আলম মুক্তি যুগান্তরকে জানান, এ ধরনের শাস্তির কথা তিনিও শুনেছেন। তবে ঘটনাস্থলে ছিলেন না। তিনি জানান, হয়তো ভয়-ভীতি দেখানোর জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা চালকদের সঙ্গে এমন আচরণ করে থাকতে পারেন।

No comments:

Post a Comment