Sunday, March 5, 2017

৩০ ফুট উঁচুতে চড়ে ট্রাম্পকে বিদ্রূপ মেক্সিকান এমপির

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘সম্পূর্ণই অযৌক্তিক’ প্রমাণ করতে একজন মেক্সিকান কংগ্রেস সদস্য মার্কিন সীমান্তে নির্মিত ৩০ ফুট উঁচু একটি প্রাচীরে চড়েছেন। শুধু তাই নয়, সেটির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রতিবাদ জানান তিনি।। এরপরেই এসব ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। মেক্সিকোর কুয়েরেটারিও রাজ্যের কংগ্রেস সদস্য ব্রাওলিও গুয়েরার বুধবার এসব ছবি ও ভিডিও নিজের টুইটারে পোস্ট করেন।
এতে দেখা যায়, ৩০ ফুট উঁচু একটি প্রাচীরের ওপরে তিনি দুই পা দু’দিকে দিয়ে বসে আছেন। প্রাচীরটি মেক্সিকান সীমান্ত শহর ‘তিজুয়ানাকে’ যুক্তরাষ্ট্র থেকে আলাদা করেছে। খবর সিএনএনের। ভিডিওতে গুয়েরার বলেন, ‘আমি এই লম্বা অ্যাঙ্গেল বেয়ে চূড়ায় ওঠতে সক্ষম হয়েছি এবং এর ওপর নিজেকে বসাতেও পেরেছি। লাফ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আমার জন্য অত্যন্ত সহজ একটি ব্যাপার। আমি প্রমাণ করেছি, প্রাচীর নির্মাণ অপ্রয়োজনীয় এবং সম্পূর্ণই অযৌক্তিক।’ তিনি আরও বলেন, ‘এ প্রকল্প কতটা অপ্রয়োজনীয় তা বুঝাতে পেরেছি আমি। এটা ট্রাম্পের একটি রাজনৈতিক বাগাড়ম্বরপূর্ণ উক্তি ছাড়া আর কিছুই নয়।’

No comments:

Post a Comment