Thursday, March 2, 2017

'বাসায় মিটিং করা অপরাধের কিছু নয়'

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাসায় মিটিং করা অপরাধের কিছু নয়। দেশ ও জাতির স্বার্থে সমস্যার সমাধান হয়েছে, দেশের মানুষের ভোগান্তি লাঘব করতে পেরেছি এটাই বড় বিষয়। বুধবার রাত সাড়ে ৭টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, 'গাবতলীতে মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াত নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। টার্মিনালের ভেতরে থাকা গাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা ছিলো তাদের। আর বুধবার পরিকল্পিতভাবে পুরো বিষয়টি অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা চালায়।' তিনি বলেন, 'শ্রমিকরা ধর্মঘট নয়, কর্মবিরতি পালন করেছে। তাদের আশ্বস্ত করা হয়েছে যে তাদের দাবির বিষয়ে আইনিভাবে লড়াই করা হবে। আর আমাদের পক্ষ থেকে সহায়তাও করা হবে।' এসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন জাতীয় এবং স্থানীয় দৈনিকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। গত সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউসে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। কিন্তু রাতে নৌ-পরিবহনমন্ত্রী ও দেশের শ্রমিক সংগঠনের শীর্ষ ফোরাম বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের সরকারি বাসভবনে বৈঠকে বসে শ্রমিক নেতারা। সেখানে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত পাল্টে যায়। সোমবার গভীর রাতে ঘোষণা দেয়া হয়, মঙ্গলবার থেকে সারা দেশে লাগাতার পরিবহন ধর্মঘট পালন করা হবে। এই আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। পরিবহন শ্রমিকদের হঠাৎ করেই ডাকা ধর্মঘটের বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের শাজাহান খান বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করতেই পারেন। এটাকে ধর্মঘট নয় 'স্বেচ্ছায় অবসর' বলা যেতে পারে।

No comments:

Post a Comment