Tuesday, March 7, 2017

আকস্মিক ঘন কুয়াশা : চালকসহ ৩ আরোহী নিয়ে মাইক্রোবাস পদ্মায়

আকস্মিক ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে সাড়ে ৪ ঘন্টা ফেরী সার্ভিস বন্ধ ছিল।মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরী, লঞ্চ, স্পীডবোটসহ সকল নৌচলাচল বন্ধ থাকে। এতে উভয় ফেরীঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন পদ্মা পারাপারের যাত্রীরা। পরে কুয়াশা কেটে গেলে দীর্ঘ সাড়ে ৪ঘন্টা পর শিমুলিয়া ও কাওড়াকান্দি থেকে পুনরায় নৌরুটে ফেরী চলাচল শুরু হয়। এদিকে কুুয়াশার মধ্যেও শিমুলিয়া ঘাটে দুর্ঘটনার শিকার হয়ে ফেরীর পন্টুন থেকে পদ্মায় ডুবে গেছে একটি মাইক্রোবাস। তবে এতে কোন হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই যানবাহনটির চালকসহ ৩ আরোহী।
জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় শিমুলিয়া ৩নং রো রো ঘাটের পন্টুনের এক পকেটে নিয়ন্ত্রণ হারিয়ে রেন্ট এ কারের একটি মাইক্রো পদ্মায় পড়ে যায়। মাইক্রোবাসটি ঢাকার এয়ারপোর্ট থেকে ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছিল। এ সময় ওই ভাড়ার যানবাহনটিতে চালকসহ ৩ আরোহী ছিল। তবে এতে কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সাথে সাথে গাড়িটিতে থাকা ড্রাইভার ও দুই যাত্রী তীরে উঠে আসে। পরে ১ ঘন্টার মধ্যে বিআইডব্লিউটিসির রেকার দিয়ে গাড়িটি তুলে এই পকেটে দিয়ে ফের ফেরি চলাচল শুরু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার খালিদ নেওয়াজ জানান, দুর্ঘটনার পর ডুবুরী দল পড়ে যাওয়া মাইক্রোটি শনাক্ত করে। পরে ১ঘন্টার মধ্যে বিআইডব্লিউটিসির রেকার দিয়ে গাড়িটি তুলে এই পকেটে দিয়ে ফের ফেরি চলাচল শুরু হয়। তবে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

No comments:

Post a Comment