Tuesday, March 7, 2017

আইওআরএ সম্মেলনে যোগ দিতে জাকার্তায় প্রধানমন্ত্রী

রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার জাকার্তা পৌঁছেছেন। ইন্দোনেশিয়ার মহিলা ক্ষমতায়ন ও চিলড্রেন প্রটেকশন মন্ত্রী ইউহানা সুসানা ইয়েমবাইস ও জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির প্রধানমন্ত্রীকে হালিম পারদানা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় ২টা ৫০ মিনিটে ফ্লাইটটি জাকার্তা পৌঁছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, চিফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনী প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে ৬০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।
সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইদোদো এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শেখ হাসিনা আজ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এবং স্ট্রেংদেনিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্টেবল অ্যান্ড প্রোপারাস ইন্ডিয়ান ওসান রিম’- শীর্ষক এক সাধারণ ডিবেট অধিবেশনে যোগ দেবেন। আগামীকাল তার দেশে ফেরার কথা রয়েছে। এই সম্মেলন আইওআরএ’র ২১টি সদস্যরাষ্ট্রের নেতা এবং ৭ ডায়ালগ পার্টনার ছাড়াও অন্য বিশেষ আমন্ত্রিত অতিথিদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনটির সদস্যরাষ্ট্রগুলো হল : অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাসকার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

No comments:

Post a Comment