হবিগঞ্জের
মাধবপুর উপজেলার ছাতিয়াইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুলাল মিয়া (২৫) নামের
এক ডিশ লাইন অপারেটর নিহত হয়েছেন। শনিবার রাত ১১টায় ছাতিয়াইন-রতনপুর
রাস্তায় ছাতিয়াইন বাজারের নিকট এ ঘটনা ঘটে। নিহত দুলাল ছাতিয়াইন গ্রামের
হাসান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানান, দুলাল মিয়া নয়াপাড়া বাজারে
ডিশ লাইনের কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে ছাতিয়াইন-রতনপুর সড়কের ওঁৎ পেতে
থাকা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
পরে পথচারীরা তাকে
রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির
এএসআই ইব্রাহিম তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক মিটু রায় তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে রোববার বিকালে
পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল
ইসলাম পলাশ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত
হত্যাকাণ্ড। কি কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments:
Post a Comment