Tuesday, March 7, 2017

অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে এই প্রথম কোনো টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ এগিয়ে। কেউ কেউ বাংলাদেশকে ফেভারিটও বলছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু আজ। বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান মনে করছেন, টেস্ট সিরিজে শক্তির বিচারে বাংলাদেশ ও শ্রীলংকা সমান সমান। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অধিকাংশ রেকর্ড নিজের করে নেয়া আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, শুধু টেস্টেই নয় এই সফরে কোনো ফরম্যাটেই সিরিজ হারবে না টাইগাররা। তাদের কথা-
রকিবুল হাসান : সমানে সমান লড়াই হবে। শ্রীলংকা নিজেদের দেশে খেলবে। সুবিধা পাবে তারা। তবে দু’দলের খেলোয়াড়দের অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ। তাদের চেয়ে বাংলাদেশের ক্রিকেটাররাই বেশি ম্যাচ খেলেছে। সাম্প্রতিককালে টেস্টেও ভালো করছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করেছে। ভারতে পাঁচদিন লড়াই করে দেশে ফিরেছে মুশফিকরা। বাংলাদেশ ব্যাটিং ও বোলিং মিলিয়ে দারুণ এক কম্বিনেশনে রয়েছে। মোস্তাফিজ ফিরেছে। তাসকিন ও রুবেল রয়েছে। স্পিনে সাকিবের সঙ্গে তাইজুল ও মিরাজ। ওরা ভালো জুটি তৈরি করতে পারলে ২০ উইকেট নেয়া সম্ভব। ব্যাটিংয়ে মুশফিকুর ভালো ফর্মে রয়েছে। প্রস্তুতি ম্যাচে রান পেয়ে তামিম ইকবালও পথ দেখাচ্ছে। ওদিকে দিনেশ চান্দিমাল প্রস্তুতি ম্যাচে সক্ষমতা দেখিয়েছে। তাদের অন্য ব্যাটসম্যানরাও উইকেটে টিকে থাকার সক্ষমতা রাখে। জয়াবর্ধনে, সাঙ্গাকারা, ভাস, মুরালিধরনরা এখন নেই। তবু তারা টেস্টে আগে থেকেই বড় দল। হেরাথের মতো স্পিনার রয়েছে। শ্রীলংকায় রোদ দেখে মাঠে নামার পরও ধরে নিতে হবে বৃষ্টি হতে পারে। ভ্যাপসা গরম। মানিয়ে নিতে হবে। বৃষ্টির পর কন্ডিশন বদলে যেতে পারে। উপমহাদেশের কন্ডিশনে ইংল্যান্ড, অস্ট্রেলীয়দের খেলতে বেগ পেতে হয়। শ্রীলংকায় বাংলাদেশকে সেই চ্যালেঞ্জ নিতে হবে না।
মোহাম্মদ আশরাফুল : আমি ক্যারিয়ারের শুরুতে শ্রীলংকার যে দলের বিপক্ষে খেলেছি, এই দলের শক্তি তাদের চেয়ে অনেক কম। এখন তাদের তুলনায় আমাদের দলে তারকা অনেক বেশি। তবে মাথায় রাখতে হবে যে, এটা টেস্ট ম্যাচ। আমি মনে করি, বাংলাদেশ কোনো সিরিজই হারবে না। দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। যারা সেট হবে তাদের বড় স্কোর করতে হবে। যারা একশ’ করবে তাদের লক্ষ্য হওয়া উচিত দু’শ’। কেন যেন মনে হচ্ছে, দুটি টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুটি ডাবল সেঞ্চুরি হবে। চান্দিমাল প্রস্তুতি ম্যাচে বড় স্কোর করেছেন। তিনি সবসময় বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেন। তাদের দলে সাঙ্গাকারা-জয়াবর্ধনের মতো ব্যাটসম্যান নেই। বোলিংয়ে নেই মুরালিধরন। হেরাথকে আমরা আগেও খেলেছি। কঠিন মনে হয়নি তাকে খেলতে। আমি হয়তো ভাগ্যবান ছিলাম। তা না হলে মুরালি, ভাসদের সহজে খেলতে পারতাম না। তাদের খেলতে আমার কাছে সবসময় সহজ মনে হয়েছে। এ সফরেও তাদের বোলারদের সহজ বানিয়ে খেলতে হবে আমাদের। এজন্য তামিম-মুশফিক-সাকিবদের দায়িত্ব নিতে হবে।

No comments:

Post a Comment