Tuesday, March 7, 2017

আট সেঞ্চুরির সেই স্মরণীয় টেস্টের স্মৃতি ফিরে এলো

চার বছর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম শ্রীলংকার বিপক্ষে টেস্টে ড্রয়ের কীর্তি গড়ে বাংলাদেশ দল। টাইগারদের সামনে সেই সুখস্মৃতি পুনরাবৃত্তির হাতছানি! সেই গলে আজ শুরু প্রথম টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। নিজেদের ক্রিকেট ইতিহাসে গলে একটি টেস্টই খেলেছে বাংলাদেশ। ওয়ানডে বা টি ২০ ম্যাচ খেলা হয়নি। ২০১৩ সালের মার্চে অনুষ্ঠিত আট সেঞ্চুরির সেই স্মরণীয় ম্যাচ দাপটের সঙ্গেই ড্র করে মাঠ ছাড়ে টাইগাররা। প্রথম ইনিংসে লংকানদের ৫৭০ রানের জবাবে স্কোরবোর্ডে ৬৩৮ রান জমা করে সফরকারীরা। টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ১৯০ রানের অসাধারণ ইনিংস উপহার দেন মোহাম্মদ আশরাফুল। মুশফিক-আশরাফুলের পর সেঞ্চুরি হাঁকান নাসির হোসেন।
তাই বলাই যায়, গলে অপরাজেয় বাংলাদেশ। সময়ের সঙ্গে যারা এখন আরও বেশি পরিণত। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, ভারতে গিয়ে একমাত্র টেস্টে লড়াকু পারফরম্যান্স- সব মিলিয়ে শ্রীলংকা সফরেও গল টেস্ট দিয়ে দুর্দান্ত শুরুর প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। পরিসংখ্যানে যদিও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে শ্রীলংকা। সাদা পোশাকে এখন পর্যন্ত ১৬ টেস্টে ১৪ জয় লংকানদের। কিন্তু সবশেষ দুটি সিরিজ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চার ম্যাচের মধ্যে দুটি ড্রয়ে নিষ্পত্তি হয়। ২০১৪ সালে চট্টগ্রামে দু’দলের সর্বশেষ ম্যাচে জয় পায়নি কোনো দলই।

No comments:

Post a Comment