তরুণ
প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আইরিন সুলতানা। র্যাম্পে হাঁটা দিয়ে শুরু
হলেও বর্তমানে চিত্রনায়িকা হিসেবে দর্শক হৃদয়ে স্থান পেয়েছেন তিনি। কিছুদিন
আগে এ নায়িকা অভিনয় করেছেন ‘শেষ কথা’ নামের একটি ছবিতে। সম্প্রতি ছবিটি
সেন্সরে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
তিনি বলেন, ‘শেষ কথা’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করে সম্প্রতি সেন্সরে
জমা দিয়েছি। এখান থেকে ছাড়পত্র পেলেই মুক্তির দিনক্ষণ ঠিক করব। ছবিটি এ
বছরই মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে।’ এতে আইরিনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন
কলকাতার অভিনেতা সমদর্শী দত্ত। এতে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন, ‘এটি একটি
গল্পনির্ভর ছবি। এ ধরনের ছবিতে অভিনয়ের অনেক জায়গা থাকে। এদিক থেকে আমরা
সবাই ভালো করার চেষ্টা করেছি। ছবিটি দেখে দর্শকরা ভিন্ন এক অনুভূতি পাবেন।’
উল্লেখ্য, প্রথমে ছবিটির নাম ‘বাষ্পস্নান’ থাকলেও পরবর্তীতে নাম পরিবর্তন
করে ‘শেষ কথা’ রাখা হয়। গত বছর এপ্রিলজুড়ে রাজশাহী, নাটোর,
চাঁপাইনবাবগঞ্জসহ নানা জায়গায় এর টানা শুটিং হয়। এতে আরও অভিনয় করেছেন,
মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, শিশুশিল্পী সৈয়দা সাবরিনাসহ অনেকে। এর
আগে এ নির্মাতা ঐতিহাসিক তেভাগা আন্দোলন নিয়ে ‘নাচোলের রানী’ সিনেমাটি
নির্মাণ করেন, পরবর্তীতে ‘গঙ্গাযাত্রা’ ও ‘অন্তর্ধান’ নামে আরও দুটি
চলচ্চিত্র নির্মাণ করেন। এর মধ্যে ‘গঙ্গাযাত্রা’ জাতীয় (৮টি সেক্টরে) এবং
আন্তর্জাতিক (৪টি সেক্টরে) পুরস্কার লাভ করে।

No comments:
Post a Comment