Monday, April 24, 2017

অস্ট্রেলিয়া ও মার্কিন রণতরীতে হামলার হুমকি উ. কোরিয়ার



এবার অস্ট্রেলিয়াকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। অপরদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে মহড়ার জন্য মার্কিন রণতরীর সঙ্গে জাপানের দু’টি যুদ্ধজাহাজ যোগ দেয়ার পর, দেশটি বলেছে সামরিক শক্তি দেখাতে প্রয়োজনে মার্কিন ওই রণতরীতে হামলায় প্রস্তুত তাদের বাহিনী। এ খবর দিয়েছে গার্ডিয়ান ও রয়টার্স।
গার্ডিয়ানের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-তে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের বিষোদ্গার করা হয়। বিশপ বলেছিলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া আরো নিষেধাজ্ঞা আরোপ করবে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন করতে মার্কিন পদক্ষেপ অনুসরণ করলে ও প্রভু যুক্তরাষ্ট্রের গোলাম হয়ে থাকলে, অস্ট্রেলিয়া আমাদের কৌশলগত বাহিনীর পারমাণবিক হামলার ব্যাপ্তিতে পড়বে।
এ সপ্তাহের শুরুতে বিশপ বলেছিলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রকল্প অস্ট্রেলিয়ার জন্য গুরুতর হুমকি। কিন্তু উত্তর কোরিয়া বলছে, বিশপ যা বলেছেন, তা ক্ষমার অযোগ্য! কারণ, এই মন্তব্য শান্তি ও উত্তর কোরিয়ার আত্মরক্ষার জন্য ন্যায্য পদক্ষেপের বিরুদ্ধে। অপরদিকে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে কোরিয়ান উপদ্বীপে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরই জবাবে উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির পত্রিকা রোডোং সিনমুনে এক মন্তব্য কলামে বলা হয়, মার্কিন পারমাণবিক শক্তিসম্পন্ন বিমানবাহী রণতরীকে একটি আক্রমণেই ডুবিয়ে দিতে আমাদের বিপ্লবী বাহিনী প্রস্তুত। এতে আরো বলা হয়, ‘এই হামলা হবে আমাদের সামরিক শক্তির সঠিক উদাহরণ।’

No comments:

Post a Comment