
প্রধানমন্ত্রী
নওয়াজ শরীফের বিরুদ্ধে পানামাগেট কেলেঙ্কারি তদন্তের জন্য গঠিত জয়েন্ট
ইনভেস্টিগেশন টিম (জেআইটি) নির্ধারিত সময়ের মধ্যে তাদের তদন্ত শেষ করতে
পারবে না। এ জন্য আরও কয়েক মাস লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিভিন্ন
সূত্র। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট এ মামলায় জেআইটি’র কমিটিকে ৬০ দিনের
মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে বলেছিল। কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো
বলছে, তদন্ত করতে গিয়ে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তা তদন্ত করতে আরো বেশি
সময় লাগতে পারে। তাই নির্ধারিত ৬০ দিন বা দুই মাসের মধ্যে এ তদন্ত শেষ হবে
বলে মনে হয় না। এ খবর দিয়েছে অনলাইন ডন। উল্লেখ্য, পাকিস্তানের
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যরা আয়কর ফাঁকি দিতে
ফিলিপাইনের আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার মাধ্যমে বিদেশে অর্থ বিনিয়োগ
করেছেন বলে অভিযোগ করা হয়। এসব তথ্য বেরিয়ে আসে পানামা পেপারস ফাঁস হওয়ার
পর। বলা হয়, নওয়াজ শরীফ অফসোর কোম্পানি ব্যবহার করে লন্ডনে অবৈধ উপায়ে
এপার্টমেন্ট কিনেছেন। এ নিয়ে ৫ই মে চূড়ান্ত রায় দেয়ার কথা ছিল সুপ্রিম
কোর্টের। যদি ওই রায়ে তাকে দোষী সাব্যস্ত করা হতো তাহলে ক্ষমতার ইতি ঘটতে
পারতো নওয়াজ শরীফের। তা নিয়ে রাজনীতিতে তোলপাড় হয়। এক পর্যায়ে সুপ্রিম
কোর্ট আরও তদন্তের জন্য জেআইটি গঠন করে তাদেরকে আরো তদন্তের জন্য দু’মাস
সময় বেঁধে দেয়। এরপর থেকেই গঠিত জেআইটি বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে
এ সংক্রান্ত দলিল হাতে পাওয়ার চেষ্টা করছে। সূত্র বলেছেন, বিদেশে নিয়োজিত
দেশের কূটনৈতিক মিশনগুলোকে এ বিষয়ে সহায়তা করতে বলবে। সূত্র বলেছে, লন্ডনের
সম্পত্তি নিয়ে কাতারের প্রিন্স হামাদ বিন জসিম বিন জাবের আল থানি’র লেখা
দুটি চিঠি যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারী টিম।
No comments:
Post a Comment