Thursday, May 25, 2017

মানবতার অনন্য দৃষ্টান্ত

ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন রিনি র‌্যাচেল ব্লাক নামে বয়স্ক এক নারী। তিনি ফুলেল শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন। বয়সের ভারে থুত্থুরে রিনিকে এ সময় সান্তনা দিতে একজনই এগিয়ে এলেন। তিনি একজন মুসলিম। নাম সাদিক প্যাটেল। তাকে জড়িয়ে ধরলেন সন্তানের আবহে। পাশে বসে শোনালেন সান্তনার বাণী। রিনির ডান হাতটি ধরে তার কষ্টকে যেন ভাগ করে নিলেন সাদিক। এক সময় তিনিও কান্নায় ভেঙে পড়েন। দু’হাতে মুখ ঢেকে সেই কান্না লুকানোর চেষ্টা করেন। রিনি একজন ইহুদি নারী। সাদিক মুসলিম। ধর্মের পার্থক্য থাকলেও সন্ত্রাসী হামলা মানবিকতার শিক্ষায় তাদের মাঝে সৃষ্টি করেছে এক বন্ধন। বার্তা সংস্থা রয়টার্স সহ সারা দুনিয়ার মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, ম্যানচেস্টারে অ্যারিনা কনসার্ট হলে সোমবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলা চালায় সালমান আবেদি নামে এক লিবিয়ান বংশোদ্ভূত বৃটিশ নাগরিক। সেই হামলায় বৃটেনে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী।
এরই মাঝে বুধবার আলবার্ট স্কয়ার সহ ম্যানচেস্টার সহ বৃটেনের অনেক স্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। সমবেদনা জানানো হয় আহতদের ও নিহতের স্বজনদের প্রতি। আলবার্ট স্কয়ারে এমনই এক শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রিনি র‌্যাচেল ব্লাক। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনে পর তিনি কান্নায় ভেঙে পড়েন। দু’হাতে ক্র্যাচে শরীরের ভার লুকিয়ে বসে পড়েন রিনি। মাথা নিচু করে অঝোরে কাঁদতে থাকেন। তা দেখে এগিয়ে যান সাদিক প্যাটেল। তিনি তাকে সান্তনা দেন। অনেক করে বোঝান। তিনি বোঝান কোন ধর্মই সহিংসতাকে প্রশ্রয় দেয় না। যারা এমন হামলা করে তারা মানবতার শত্রু, তারা জঙ্গি। এরপর তিনি রিনিকে তার হাত ধরে এগিয়ে দেন তার হুইল চেয়ারের দিকে। সন্তান যেমন মাকে সাহায্য করে ঠিক তেমনিভাবে তার দু’হাত ধরে তাকে বসিয়ে দেন তার হুইল চেয়ারে। এ ঘটনার ছবি এখন ছড়িয়ে পড়েছে বিশ্বময়।

No comments:

Post a Comment