Sunday, July 9, 2017

সেনাপ্রধানের সঙ্গে কমান্ডার ইউএস প্যাসিফিক কমান্ডের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমান্ডার ইউএস প্যাসিফিক কমান্ড এডমিরাল হ্যারি বি হ্যারিস, জুনিয়র। গতকাল ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদরদপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদিবিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে তিনি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশ ইন্সটিটিউড অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। এর আগে হ্যারি বি. হ্যারিস, জুনিয়র এর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল ৩ দিনের রাষ্ট্রীয় সফরে একটি বিশেষ বিমানযোগে বাংলাদেশে আসেন। হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে প্রতিনিধিদলটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামীকালই নিজ দেশে ফিরে যাবেন।

No comments:

Post a Comment