Tuesday, July 25, 2017

চেন্নাই নেয়া হচ্ছে সিদ্দিকুরকে, ব্যয় বহন করবে সরকার

শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়া হচ্ছে। তার চিকিৎসার সব ব্যয়ভার বহন করবে সরকার। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সিদ্দিকুরের চোখ ভাল করতে যা করা প্রয়োজন তার ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার সব দায়িত্ব সরকার নিয়েছে বলেও জানানো হয়। সিদ্দিকুরকে প্রয়োজনে বিদেশ পাঠানো হবে-দুপুরে তাকে দেখতে গিয়ে এমন ইঙ্গিত দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দুপুরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে দেখতে যান তিনি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিপরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সিদ্দিকুরের চিকিৎসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সিদ্দিকুরকে দেখতে তাকে পাঠিয়েছেন বলেও জানান তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, সিদ্দিকুরকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। সরকার তার জন্য যা যা করার সবই করছে। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। শাহবাগের ওই ঘটনায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী আরো বলেন, এ ব্যাপারে এরই মধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি তদন্তের কাজ শুরু হয়েছে। এটি পুলিশ কিংবা তৃতীয় কোনো পক্ষের হামলা ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। হাসপাতালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সিদ্দিকুরের ওপর হামলার বিষয়টির তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছি। তার আঘাতটি পুলিশের টিয়ারশেল অথবা তৃতীয় পক্ষের হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ প্রমাণ হলে সিদ্দিকুরের ওপর হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থান নিতে গিয়ে পুলিশের কাঁদানে গ্যাসের শেলে দুই চোখে আঘাত পান সিদ্দিকুর। গতকাল চিকিৎসকরা জানিয়েছেন, বাঁ চোখের এক পাশ থেকে আলো দেখছেন তিনি। তবে তার ডান চোখের অবস্থা আগের মতোই আছে। এই চোখে তিনি কোনো আলো দেখছেন না। গত শনিবার একই হাসপাতালে সিদ্দিকুরের দুই চোখে অস্ত্রোপচার করা হয়। গতকাল সকালে তার চোখের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকেরা।

No comments:

Post a Comment