Wednesday, December 20, 2017

সড়কে বসে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

কক্সবাজারের মহেশখালীতে মাটিকাটার কাজে ব্যবহৃত ডাম্পারচাপায় পিএসসি ফল প্রার্থী সুমাইয়া জান্নাত নিহতের প্রতিবাদে সড়কে বসে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় শিক্ষার্থীরা মহেশখালী-চকরিয়া সড়কের ওপর বসে অবরোধ কর্মসূচি পালন করে। পরে তারা ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা উপজেলার ছালিয়াতলী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ডাক দেয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোবাইব জানান, বিক্ষুব্ধ স্কুলশিক্ষার্থীরা সড়কের মাঝে বসে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় তারা সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নিহতের পরিবার চাইলেই মামলা নেয়া হবে। গত বুধবার কালারমার ছড়ার চালিয়াতলী এলাকায় রাস্তা পার হতে গিয়ে ডাম্পারচাপায় নিহত হয় ছাত্রী সুমাইয়া জান্নাত দিয়া (১১)। সুমাইয়া উপজেলার কালারমার ছড়া প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার ফল প্রার্থী।

No comments:

Post a Comment