Wednesday, December 20, 2017

শিকলবন্দি ঘরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শিকলবন্দি ঘরে আগুনে পুড়ে বাদল প্রামাণিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, বৃদ্ধ বাদল প্রামাণিকের মৃত্যু রহস্যজনক। তবে পরিবারের দাবি, বিড়ি থেকে লেপকাথায় আগুন লেগে পুড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় বুধবার সকালে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ বাদল প্রামাণিক গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে। এলাকাবাসী জানান, বাদল প্রামাণিক কয়েক বছর ধরে মানসিক রোগগ্রস্ত। মঙ্গলবার রাতে দরজায় শিকল দেয়া অবস্থায় ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন।
পরে তাকে মৃতাবস্থায় উদ্ধার করেন তারা। নিহত বাদল প্রামাণিকের ছেলে উজ্জ্বল প্রামাণিক জানান, ঘটনার সময় তার বাবা ঘরে ছিলেন। বাইরে থেকে দরজার শিকল টেনে দিয়ে তারা এক প্রতিবেশীর বাড়িতে যান। পরে চিৎকার শুনে বাড়িতে ফিরে দেখেন তার বাবা দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের দাবি, বিড়ি থেকে লেপকাথায় আগুন লাগলে পুড়ে বাবার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রতিবেশীদের কেউ কেউ অভিযোগ করেন, বৃদ্ধের ঘর শিকল বাইরে থেকে দিয়ে পরিবারের সবাই বাড়ির বাইরে গেল কেন? এটি রহস্যজনক। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ যুগান্তরকে জানান, এ ব্যাপারে বুধবার সকালে একটি মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

No comments:

Post a Comment