
বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা পৃথিবীতে তাঁরা খোঁজ নিয়ে
দেখেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর পরিবারের নামে বিদেশে যে
সম্পদের কথা বলা হচ্ছে, সেই ধরনের সম্পদের কোনো অস্তিত্বই নেই। আজ সোমবার
সকালে হাইকোর্ট মাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গরিব ও
দুস্থদের মধ্যে কম্বল বিতরণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের
কাছে এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন
উপলক্ষে এই কম্বল বিতরণ করা হয়। মির্জা ফখরুল বলেন, ‘আমরা সারা পৃথিবীতে
খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের কোনো কিছুর কোনো ভিত্তি নেই। এমনকি যে
প্রোপার্টির (সম্পদ) কথা বলা হয়েছে, সেই প্রোপার্টিগুলোরও কোনো অস্তিত্ব
নেই।’ তাঁর দাবি, সরকার জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার
করছে। তিনি সরকারকে তার বক্তব্যের বিপরীতে তথ্য উপস্থাপন ও অভিযোগ
প্রমাণের আহ্বান জানান। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির ঢাকা মহানগর
দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল,
সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি শামসুল হুদা প্রমুখ উপস্থিত
ছিলেন।
No comments:
Post a Comment