Tuesday, December 12, 2017

ডাকাতদের ছুরিকাঘাতে এসআই গুরুতর আহত

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতদের ছুরিকাঘাতে পুলিশের এক এসআই (উপ-পরিদর্শক) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে মাধবপুর-ছাতিয়াইন সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এসআই জিয়াউর রহমানকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত আছেন। প্রত্যক্ষদর্শী এক অটোরিকশা চালক জানান, রাত ১০টা দিকে মাধবপুর-ছাতিয়াইন সড়কে একদল ডাকাত রাস্তায় একটি গাড়ি আটক করে। এসময় টহলরত ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির এসআই  জিয়াউর রহমান ডাকাতদের চ্যালেঞ্জ করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী জানান, সোমবার রাতে তিনি মাধবপুর থানা থেকে ছাতিয়াইন তদন্তকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় রতনপুর নামক স্থানে একদল দুর্বৃত্ত কিছু মানুষকে আটকায়। তখন বিষয়টি দেখতে পেয়ে তিনি ডাকাতদের মোকাবেলা করার জন্য এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। তিনি বলেন, দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment